জাবি ছাত্রীকে ধর্ষণচেষ্টার ঘটনায় নিরাপত্তা জোরদারে নতুন ৫ সিদ্ধান্ত
প্রকাশ : ২১ মে ২০২৬, ১৩:১৮ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

গত ১২ মে রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক নারী শিক্ষার্থীকে ধর্ষণ ও প্রাণনাশের চেষ্টার ঘটনায় দুষ্কৃতিকারীকে গ্রেফতার এবং ক্যাম্পাসে নিরাপত্তা জোরদারে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বৃহস্পতিবার (২১ মে) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. আবদুর রব ও প্রক্টর অধ্যাপক ড. এ.কে.এম. রাশিদুল আলম।
সংবাদ সম্মেলনে ট্রেজারার অধ্যাপক ড. মো. আবদুর রব বলেন, গত ১২ই মে রাতে সংঘটিত এ ন্যাক্কারজনক ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং অভিযুক্তকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে বদ্ধপরিকর। তিনি জানান, ঘটনার পর বিভিন্ন ছাত্রসংগঠন ও সংশ্লিষ্ট মহলের দাবির প্রেক্ষিতে ১৪ই মে উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি সভায় ১৪টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়, যার বাস্তবায়ন ইতোমধ্যে শুরু হয়েছে।
এছাড়া বুলিং ও র্যাগিং প্রতিরোধে “শিক্ষা প্রতিষ্ঠানে বুলিং ও র্যাগিং প্রতিরোধ সংক্রান্ত নীতিমালা-২০২৩” অনুযায়ী স্থায়ী কমিটি গঠনের সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
প্রক্টর অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলম নতুন গৃহীত ৫ দফা তুলে ধরে বলেন– ঘটনার তদন্তে সাত সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে, যারা ইতোমধ্যে কাজ শুরু করেছে; একই সঙ্গে অভিযুক্তকে শনাক্ত ও গ্রেফতারে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে; জেলা পুলিশ, র্যাব, ডিবি, পিবিআই, সিআইডি ও ডিএমপিসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী আসামিকে গ্রেফতারে যৌথভাবে অভিযান পরিচালনা করছে; প্রযুক্তিগত সহায়তায় পুলিশ সাইবার টিম ও র্যাব ইন্টেলিজেন্স উইংও অনুসন্ধান চালিয়ে যাচ্ছে এবং প্রশাসনের দাবি, রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকেও আসামিকে দ্রুত গ্রেফতারের নির্দেশনা দেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান, সহকারী প্রক্টরবৃন্দসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
