মোহাম্মদপুর কৃষি মার্কেটে র‌্যাব ও ভোক্তার অভিযানে ৫১ হাজার টাকা জরিমানা

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:৪৮ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

পবিত্র রমজান উপলক্ষে বাজার মনিটরিং-এর লক্ষ্যে রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটে অভিযান চালিয়েছে র‌্যাব-২ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ (বুধবার) দুপুরে মোহাম্মদপুর কৃষি মার্কেটে মোবাইল কোর্ট অভিযানে ১৪টি দোকানে প্রায় ৫১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযান শেষে র‌্যাব-২ এর সিইও খালেদুল হক হাওলাদার জানান, জনদুর্ভোগ লাঘবে নিরাপদ খাদ্য পণ্য নীতিতে সরকার বিভিন্ন আইন প্রণয়ন করেছে। এই আইনগুলোর মধ্যে রয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯, রয়েছে নিরাপদ খাদ্য আইন ২০১৩, রয়েছে বিএসসিআই আইন, রয়েছে বিশেষ ক্ষমতা আইন। এ ছাড়াও পণ্য বিক্রয় আইন। প্রতিটি আইনে জনগণের নিরাপদ খাদ্য এবং ভেজাল মুক্ত খাদ্য বিক্রির বিষয়টি নিশ্চিত করা হয়েছে। 

তিনি বলেন, ব্যবসাটা হবে আইনের মধ্য থেকে। যারা বাজারে সিন্ডিকেট করেন, সিন্ডিকেটের মাধ্যমে কৃত্রিম সংকট তৈরি করে দাম বৃদ্ধি করে অবৈধভাবে মুনাফা অর্জন করে, তাদের বিরুদ্ধে আমাদের এই অভিযান। 

তিনি বলেন, আমরা কোন সিন্ডিকেটকে বাজারে কৃত্রিম সংকট করতে দেব না। বাজারে পণ্য মজুদ করে পণ্যের দাম অধিক বৃদ্ধি করে অবৈধ মুনাফা করবে,  আমরা এটা করতে দেব না। 

খালেদুল হক হাওলাদার জানান, জনগণ ন্যায্য মূল্যে রমজানের আগে যেভাবে পণ্য পেত, রমজানের মধ্যেও যেন আরও কম দামে পণ্য পায়। এটার লক্ষ্যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের দেশব্যাপী ১০০টির অধিক টিম বাজার মনিটরিংয়ের কাজ করছে। ঢাকা মহানগরীতে ভোক্তা অধিদপ্তরের ১০টির অধিক  মনিটরিং টিম বাজার মনিটরিং করছে।  

র‌্যাব-২ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মোহাম্মদ জুবায়ের জানান, অভিযান পরিচালনাকালে আমরা বাজারে যে অ্যানোমেলিগুলো পেয়েছি, তার মধ্যে প্রথম ছিল যে বেশিরভাগ দোকানেই মূল্য তালিকা ছিল না। কিছু দোকানে আমরা একেবারে অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল খাদ্যদ্রব্য যেমন ভেজাল গুড় বা এ ধরনের অনেক পণ্য আমরা বিক্রি করতে দেখেছি। 


আমার বার্তা/এমই