সরকারি প্রতিষ্ঠানের ৯ কোটি টাকার মালামাল আত্মসাৎ মামলার আসামি গ্রেফতার
প্রকাশ : ২৪ মে ২০২৬, ১০:৩৩ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

ঢাকা মহানগরীর গুলশান এলাকা থেকে সরকারি প্রতিষ্ঠানের প্রায় ৯ কোটি টাকার মালামাল চুরি ও আত্মসাৎ মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি মোঃ হুমায়ুন কবির সুজনকে (৫৪) গ্রেফতার করেছে র্যাব-৩ ও র্যাব-১১ এর যৌথ আভিযানিক দল।
র্যাব জানায়, গত ১৮ মে ২০২৬ রাত ৮টা ১০ মিনিটে গুলশান-২ এর রোড নং-৮৩ সংলগ্ন বিচারপতি সাহাব উদ্দিন পার্ক এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতার হুমায়ুন কবির সুজন মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার তেতুইতলা এলাকার বাসিন্দা এবং ডিজিটাল পেপার মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ডিজিটাল পেপার মিলস লিমিটেডের পক্ষে রুপালী ব্যাংক পিএলসি’র স্থানীয় কার্যালয় থেকে বিভিন্ন সময়ে প্রকল্প বাস্তবায়নের জন্য একাধিক ঋণ গ্রহণ করেন সুজন। ঋণের বিপরীতে প্রকল্পের জমি, স্থাপনা, মেশিনারিজসহ বিভিন্ন সম্পদ ব্যাংকের অনুকূলে বন্ধক রাখা হয়।
পরবর্তীতে ঋণ খেলাপি হলে ব্যাংক কর্তৃপক্ষ ঋণ পরিশোধের জন্য একাধিকবার তাগিদপত্র ও আইনি নোটিশ দেয়। তবে কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় অর্থঋণ আদালত আইন, ২০০৩ এর ১২ ধারায় গত ৩ মে ২০২৬ নিলামের তারিখ নির্ধারণ করা হয় এবং এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জাতীয় দৈনিকগুলোতে প্রকাশ করা হয়।
অভিযোগ রয়েছে, ব্যাংকের অনুমতি ছাড়াই বন্ধক রাখা মূল্যবান মেশিনারিজ ও যন্ত্রপাতি অন্যত্র সরিয়ে ফেলেন সুজন। সরেজমিনে পরিদর্শনে গিয়ে ব্যাংক কর্মকর্তারা দেখতে পান, প্রতিষ্ঠানের ভেতরে থাকা বেশ কিছু গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি অনুপস্থিত। পরে তাকে যন্ত্রপাতি পুনঃস্থাপনের জন্য মৌখিকভাবে জানানো হলেও তিনি তা করেননি। বরং গত ১৮ এপ্রিল ২০২৬ আরও কিছু যন্ত্রপাতি ট্রাকযোগে অন্যত্র সরিয়ে নেওয়া হয় বলে অভিযোগ উঠে।
ব্যাংক সূত্র জানায়, নিখোঁজ হওয়া যন্ত্রপাতির মধ্যে রয়েছে ৬ এমভিএ ট্রান্সফরমার, ৩ এমভিএ ট্রান্সফরমার, ফর্কলিফট, ফুয়েল টাইপ বয়লার, এলপিজি ট্যাংক, ওয়ার্কশপ মেশিনারিজ, বিভিন্ন ধরনের মোটর এবং বৈদ্যুতিক সার্কিট ব্রেকার, তার ও কন্ট্রোল প্যানেলসহ অন্যান্য সরঞ্জাম। এসব মালামালের আনুমানিক মূল্য প্রায় ৯ কোটি টাকা।
এ ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষ গজারিয়া থানায় মামলা দায়ের করলে র্যাব গোয়েন্দা নজরদারি বাড়ায়। পরবর্তীতে যৌথ অভিযানে হুমায়ুন কবির সুজনকে গ্রেফতার করা হয়।
র্যাব জানিয়েছে, গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
