২ বছর পরে বিশুদ্ধ পানি পেলো মাচালংবাসী

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৫, ১৭:১১ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের মাচালং বাজারে দীর্ঘ দুই বছর পর আবারও সচল হলো বিশুদ্ধ পানির সরবরাহ ব্যবস্থা।

মঙ্গলবার (১৮ নভেম্বর) বাংলাদেশ সেনাবাহিনীর বাঘাইহাট জোনের উদ্যোগে পরিত্যক্ত এ পানি প্লান্ট সংস্কার করে স্থানীয় জনগণ ও পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়েছে।

বাঘাইহাট জোনের ভারপ্রাপ্ত জোন কমান্ডার মেজর এম এম জিল্লুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে মাচালং বাজারের বিশুদ্ধ পানির  এই কাজ সম্পাদন করা হয়।
 
সেনাবাহিনী জানায়, সাজেকে সারা বছর বিশুদ্ধ পানির সংকট থাকে। স্থানীয় পাহাড়ি ও বাঙালি জনসাধারণ এবং সাজেকগামী পর্যটকদের বিশুদ্ধ পানির অসুবিধার খবর পাই। পরে বাঘাইহাট সেনা জোনের উদ্যোগে পরিত্যক্ত এ পানি পয়েন্টটি সংস্কার করে স্থানীয় জনগণ ও পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনী বহু বছর ধরে পার্বত্য চট্টগ্রামের দুর্গম অঞ্চলে শিক্ষা, স্বাস্থ্য, মানবিক সহায়তা ও নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করে আসছে। পানির মতো মৌলিক সুবিধা সচল হওয়ায় স্থানীয় জীবনযাত্রায় স্বস্তি ফিরেছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ড চলমান থাকবে বলেও জানানো হয়।
 
মাচালং বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক অনন্ত ত্রিপুরা বলেন, সেনাবাহিনীর এই উদ্যোগ সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, বিশেষ করে দীর্ঘদিন ধরে সুপেয় পানির মাধ্যমটি বন্ধ ছিলো আবারো নতুন করে সচল হওয়ায় দূর দুরান্ত হতে আগত জনসাধারণ, ব্যবসায়ী ও পর্যটকদের জন্যও অনেক বেশী উপকারে আসবে। 
 
বঘাইহাট জোনের ভারপ্রাপ্ত জোন কমান্ডার মেজর জিল্লুর রহমান বলেন, মাচালং বাজার হয়ে ভুয়াছড়ি এলাকা পরিদর্শন কালে সুপেয় পানির অভাব পরিলক্ষিত হলে বাঘাইহাট জোনের উদ্যোগে নতুনভাবে সুপেয় পানি নিয়মিত পাওয়ার ব্যবস্থা করে দেয়া হয়েছে। পাহাড়ি মানুষের জীবনমান উন্নয়ন, তরুণদের সক্ষমতা বৃদ্ধি এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠাই আমাদের অঙ্গীকার। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ড চলমান থাকবে।”

আমার বার্তা/এল/এমই