মির্জাপুরে এক মায়ের একসঙ্গে চার সন্তান প্রসব
প্রকাশ : ১৩ মে ২০২৬, ১০:১১ | অনলাইন সংস্করণ
মির্জাপুর প্রতিনিধি:

টাঙ্গাইলের কুমুদিনী হাসপাতাল-এ এক মা একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন। নবজাতকদের মধ্যে একটি ছেলে ও তিনটি মেয়ে রয়েছে বলে পরিবার সূত্রে জানা গেছে।
মঙ্গলবার সকালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে সফলভাবে সন্তান প্রসব সম্পন্ন হয়। বর্তমানে মা ও চার নবজাতককে সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, সবাই সুস্থ আছেন।
পরিবার সূত্রে জানা যায়, জেলার বাসাইল উপজেলার কাশিল গ্রামের কাশেম মিয়ার ছেলে হায়দার আলী (৩৫)-এর সঙ্গে ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার বাঘিল গ্রামের বাবুল মিয়ার মেয়ে বিথী আক্তারের (২৪) প্রায় ১০ বছর আগে বিয়ে হয়। তাদের ঘরে আগে একটি ১০ বছর বয়সী কন্যাসন্তান রয়েছে। দীর্ঘ ১০ বছর পর একসঙ্গে চার সন্তানের জন্ম হওয়ায় পরিবারে আনন্দের বন্যা বইছে।
চিকিৎসকদের মতে, একসঙ্গে চার সন্তানের জন্ম অত্যন্ত বিরল ঘটনা। এ ধরনের প্রসবে মা ও নবজাতকদের জন্য বাড়তি চিকিৎসা ও বিশেষ যত্নের প্রয়োজন হয়।
ডা. আলী হাসান জানান, নবজাতকদের প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।
আমার বার্তা / আনোয়ার হোসেন (আবিদ)/ জেএইচ
