ধামরাইয়ে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র্যালি ও প্রচারণা কর্মসূচি অনুষ্ঠিত
প্রকাশ : ০৬ জুন ২০২৬, ১৯:১৬ | অনলাইন সংস্করণ
ধামরাই (ঢাকা) প্রতিনিধি:

ঢাকার ধামরাইয়ে ডেঙ্গু প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও জনসচেতনতা কার্যক্রম জোরদার করার লক্ষ্যে সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৬ জুন) সকাল ১০টায় ধামরাই উপজেলা চত্বর থেকে র্যালিটি শুরু হয়ে ধামরাই বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন বার্তা সম্বলিত ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড বহন করা হয়।
"অফিস-আদালত রাখলে পরিষ্কার, পরিচ্ছন্ন থাকবে মন সবার" এবং "রাখবো চারপাশ পরিষ্কার ডেঙ্গু করব প্রতিকার" স্লোগানে আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-মামুন, সহকারী কমিশনার (ভূমি), মোঃ রিদওয়ান আহমেদ রাফি, উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুর রহমান আরিফ, ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, ধামরাই পৌর প্রশাসক গোলাম নবী, পৌরসভা ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগন,স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ জনগণ।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-মামুন বলেন, ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা ও অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাসাবাড়ি, আঙিনা ও আশপাশে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করে এডিস মশার প্রজননস্থল ধ্বংসের মাধ্যমে ডেঙ্গু নিয়ন্ত্রণ করা সম্ভব। আসুন আমরা সবাই মিলে যার যার আঙ্গিনা পরিষ্কার করি, ডেঙ্গু প্রতিরোধে সবাই ভূমিকা রাখি।
আমার বার্তা/নিলয় চৌধুরী শুভ/এমই
