কুমিল্লায় ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নূর জাহানের মৃত্যু

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৫৫ | অনলাইন সংস্করণ

  কুমিল্লা প্রতিনিধি

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী নূর জাহান। মৃত্যুর সময় তিনি ৯ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার গর্ভে থাকা অনাগত শিশুটিও মারা গেছে। 

তার স্বামীর নাম জোবায়ের হোসেন। তাদের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার মোছাগাড়া গ্রামে।

পারিবারিক সূত্রে জানা যায়, দেড় বছর আগে জোবায়ের হোসেনের সঙ্গে নূর জাহানের বিয়ে হয়। নূর জাহান ৯ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

তার স্বামী জোবায়ের হোসেন বলেন, ‘আগামী মাসে আমাদের সন্তান ভূমিষ্ঠ হওয়ার কথা ছিল। গত শুক্রবার আমার স্ত্রীর সামান্য জ্বর আসে। পরে নানা শারীরিক সমস্যা দেখা দিলে কুমিল্লায় চিকিৎসায় পরিস্থিতির উন্নতি হয়নি। তাই তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে তার মৃত্যু হয়।’ 

এদিকে নূর জাহানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষসহ বাংলা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো. মশিউর রহমান ভূঞা বলেন, আমাদের প্রিয় ছাত্রী নূর জাহান অত্যন্ত ভদ্র মেয়ে ছিলেন। লেখাপড়ার বাইরেও বিভাগের বিভিন্ন অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করতেন। তাঁর মৃত্যুর সংবাদে আমরা অত্যন্ত ব্যথিত। আজ বাদ জোহর গ্রামের বাড়িতে জানাজায় কলেজের শিক্ষকদের একটি প্রতিনিধিদল অংশ নেয়।

কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবুল বাসার ভুইয়া  বলেন, একজন মেধাবী ছাত্রীর এ অকালমৃত্যু সত্যিই দুঃখজনক। আমরা কলেজ পরিবার এ ছাত্রীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।