সেন্টমার্টিনে খতনার পর ৫০ শিশু অসুস্থ, চিকিৎসায় টেকনাফের মেডিকেল টিম
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৬, ১৫:১৪ | অনলাইন সংস্করণ
মোহাম্মদ তোফাইল

কক্সবাজারের সেন্টমার্টিনে খতনা করানোর পর ইনফেকশন ও রক্তক্ষরণে অসুস্থ হয়ে পড়া শিশুদের চিকিৎসাসেবা দিতে টেকনাফ উপজেলা হাসপাতাল থেকে তিন সদস্যের একটি মেডিকেল টিম দ্বীপে পাঠানো হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) সকালে টেকনাফ থেকে মেডিকেল টিমটি সেন্টমার্টিনে পৌঁছে। দ্বীপে পৌঁছে তারা অসুস্থ শিশুদের শারীরিক পরীক্ষা-নিরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদান এবং অসুস্থতার কারণ খতিয়ে দেখবেন।
টেকনাফ উপজেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. এনামুল হক জানান, খতনার পর অসুস্থ হয়ে পড়া প্রায় ৫০ শিশুকে চিকিৎসাসেবা দিতে টেকনাফ হাসপাতাল থেকে একজন বিশেষজ্ঞ চিকিৎসক, একজন অ্যানেস্থেসিওলজিস্ট এবং একজন উপসহকারী মেডিকেল অফিসারসহ তিন সদস্যের মেডিকেল টিম সেন্টমার্টিনে পাঠানো হয়েছে।
তিনি বলেন, “মেডিকেল টিমটি অসুস্থ শিশুদের পরীক্ষা-নিরীক্ষা করে প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেবে। পাশাপাশি শিশুদের অসুস্থতার প্রকৃত কারণও খতিয়ে দেখা হবে।”
ডা. এনামুল হক আরও জানান, এর আগে সেন্টমার্টিন থেকে যে দুইজন অসুস্থ রোগীকে উন্নত চিকিৎসার জন্য টেকনাফে পাঠানো হয়েছিল, তারা টেকনাফ উপজেলা হাসপাতালে পৌঁছাননি।
স্থানীয় সূত্র ও হাসপাতাল সূত্রে জানা যায়, গত ৪ অক্টোবর সেন্টমার্টিন অবকাশ রিসোর্টে ‘আল মোমিন সমাজকল্যাণ ফাউন্ডেশন’-এর উদ্যোগে ময়মনসিংহ আল মুগিস হাসপাতালের একটি মেডিকেল টিম বিনামূল্যে চিকিৎসাসেবা ও সুন্নতে খাতনা কর্মসূচির আয়োজন করে। কর্মসূচির দুই দিনের মধ্যে খতনা করানো অন্তত ৫০ শিশু ইনফেকশন ও রক্তক্ষরণ নিয়ে সেন্টমার্টিন হাসপাতালে চিকিৎসা নেয় বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।
ঘটনার পর শিশুদের চিকিৎসায় টেকনাফ থেকে মেডিকেল টিম পাঠানো হয়েছে। একই সঙ্গে খতনার পর এত সংখ্যক শিশুর অসুস্থ হয়ে পড়ার কারণ কী এবং চিকিৎসা প্রক্রিয়ায় কোনো ধরনের ত্রুটি ছিল কি না, তা খতিয়ে দেখার উদ্যোগ নেওয়া হয়েছে।
অসুস্থ শিশুদের বর্তমান অবস্থা ও তাদের চিকিৎসার অগ্রগতি সম্পর্কে মেডিকেল টিমের পরীক্ষা-নিরীক্ষার পর বিস্তারিত জানা যাবে।
