ঘরে বসে জাল টাকা তৈরি, ল্যাপটপ-প্রিন্টারসহ যুবক গ্রেপ্তার
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬, ১৫:০৯ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

মুন্সীগঞ্জের শ্রীনগরে প্রিন্টারে জাল টাকা ছাপানোর সময় সরঞ্জামসহ শ্রাবন হোসেন (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় ২০০ টাকার নোটের আদলে তৈরি মোট ২ লাখ টাকার জাল নোট, একটি ল্যাপটপ ও একটি কালার প্রিন্টার জব্দ করা হয়।
সোমবার (১৯ অক্টোবর) জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে রোববার (১৮ অক্টোবর) রাত পৌনে ১০টার দিকে শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের মান্দ্রা এলাকার ৮ নম্বর ওয়ার্ডের একটি একতলা ভবনের উত্তর পাশের কক্ষ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার শ্রাবন হোসেন ওই এলাকার বাসিন্দা মজিবুর রহমানের ছেলে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ কামরুল হাসান পিপিএম সঙ্গীয় ফোর্সসহ শ্রীনগর থানার ভাগ্যকুল ইউনিয়নের মান্দ্রা এলাকার ৮ নম্বর ওয়ার্ডে অভিযান চালান। মজিবুর রহমানের পশ্চিমমুখী একতলা ভবনের উত্তর পাশের কক্ষে অভিযান চালিয়ে জাল টাকা ছাপানোর সময় শ্রাবন হোসেনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
আসামির বিরুদ্ধে শ্রীনগর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।
