চট্টগ্রামে ডাকাতি-ছিনতাইয়ের ১৫৭ মোবাইল উদ্ধার, চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

প্রকাশ : ২৫ জুন ২০২৬, ১৯:০১ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার বিশেষ অভিযানে ডাকাতি, চুরি ও ছিনতাই হওয়া ১৫৭টি মোবাইল ফোন, পাঁচটি ল্যাপটপ, নগদ টাকা এবং মোবাইলের আইএমইআই পরিবর্তনের যন্ত্রপাতি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সংঘবদ্ধ চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

কোতোয়ালী থানার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা হলেন— মুহাম্মদ সোহেল উদ্দিন ওরফে পার্টি সোহেল (৩৫), জাহাঙ্গীর হোসেন ওরফে জাহাঙ্গীর মনি (৫২), আবু সাঈদ (৩৪), মো. শামীম (২৪) এবং সাইফুল ইসলাম (১৯)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার অভিযান চালিয়ে প্রথমে জাহাঙ্গীর হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে কোতোয়ালী থানার নন্দনকানন আবাসিক এলাকায় অভিযান চালিয়ে চক্রের মূলহোতা সোহেল উদ্দিনসহ আরও চারজনকে গ্রেপ্তার করা হয়।

অভিযানে তাদের কাছ থেকে ২৪টি আইফোনসহ বিভিন্ন ব্র্যান্ডের ১৫৭টি মোবাইল ফোন, পাঁচটি ল্যাপটপ, ২০১টি মোবাইল সিম, এক লাখ এক হাজার ৫০০ টাকা, ৪৪৫টি মোবাইল ফোনের কেসিং, মাইক্রোস্কোপ, চার্জার, মাল্টিপ্লাগ এবং আইএমইআই পরিবর্তনের মেশিনসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

যাদের গ্রেপ্তার করা হয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, তারা বিভিন্ন চোর ও ছিনতাইকারী চক্রের কাছ থেকে কম দামে মোবাইল ফোন সংগ্রহ করত। পরে বিশেষ সফ্‌টওয়্যার ও ডিজিটাল ডিভাইস ব্যবহার করে ফোনগুলোর আইএমইআই নম্বর ও কেসিং পরিবর্তন করে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করত।

পুলিশ আরও জানায়, এ ঘটনায় কোতোয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার সোহেলের বিরুদ্ধে এর আগে বিভিন্ন থানায় চুরি ও ছিনতাইসহ আটটি, জাহাঙ্গীর মনির বিরুদ্ধে চারটি এবং আবু সাঈদের বিরুদ্ধে একটি হত্যা মামলা রয়েছে।


আমার বার্তা/এমই