প্রাথমিক শিক্ষা ধাপে ধাপে অষ্টম শ্রেণি পর্যন্ত করা হবে: গণশিক্ষা প্রতিমন্ত্রী

প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ১৫:২৪ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

শিক্ষা খাতে বাজেট বরাদ্দ নিয়ে গণসাক্ষরতা অভিযান আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী । ছবি: সংগৃহীত

প্রাথমিক শিক্ষাকে ধাপে ধাপে অষ্টম শ্রেণি পর্যন্ত করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

বুধবার (২২ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শিক্ষা খাতে বাজেট বরাদ্দ নিয়ে গণসাক্ষরতা অভিযান আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

অনুষ্ঠানে ববি হাজ্জাজ জানান, ৪ থেকে ১৩ বছর বয়সীদের জন্য অবৈতনিক শিক্ষা করতে চান। বাড়িয়ে অষ্টম পর্যন্ত ধাপে ধাপে নিয়ে যেতে চান।

তিনি বলেন, ‘প্রাথমিক গ্রেড বাড়িয়ে অষ্টম পর্যন্ত নিয়ে যেতে চাই।...এটা করব ধাপে ধাপে।’

প্রাথমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ক্লাসরুম চালুর বিষয়ে তিনি বলেন, ‘আমাদের ৬৫ হাজার স্কুলে কোনো গার্ড নেই। এখন মাল্টিমিডিয়া ক্লাসরুম চালু করলে দেখা যাবে মাল্টিমিডিয়ার তার খুলে নিয়ে যাওয়া হয়েছে। তাই আমরা শিক্ষার মূল থেকে ধরে ধরে সমস্যা সমাধান করতে চাই।’

বাংলা-ইংরেজির পাশাপাশি শিক্ষার্থীদের তৃতীয় ভাষা শেখানোর কাজ শুরু হচ্ছে বলেও জানান তিনি।

দেশের ৭২৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অষ্টম শ্রেণি পর্যন্ত চালু ছিল। অন্তর্বর্তী সরকার সংশ্লিষ্ট প্রাথমিক বিদ্যালয়গুলোর ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত বাদ দেওয়ার পর বর্তমান সরকারের প্রতিমন্ত্রী অষ্টম শ্রেণী পর্যন্ত করার কথা জানালেন।


আমার বার্তা/এমই