ভারত ছাড়ার কারণ জানালেন প্রিয়াঙ্কা চোপড়া
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৭ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন

দশকজুড়ে ভারতের সিনে ইন্ডাস্ট্রি বলিউডে রাজত্ব করার পর হঠাৎই কেন মার্কিন মুলুকে পাড়ি জমান প্রিয়াঙ্কা চোপড়া, এই প্রশ্ন ভক্তদের মনে দীর্ঘদিনের। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেটি খোলাসা করলেন অভিনেত্রী। জানিয়েছেন, বলিউডে কাজের সুযোগ সীমিত হয়ে আসা এবং ইন্ডাস্ট্রির অভ্যন্তরীণ রাজনীতির কারণে অনেকটা 'কোণঠাসা' হয়েই তিনি ভারত ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন।
সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা জানান, বলিউডে কাজ করার ক্ষেত্রে তিনি নানা ধরনের সীমাবদ্ধতার সম্মুখীন হচ্ছিলেন। নিজের অভিনয় দক্ষতা প্রমাণের ক্ষুধা থাকলেও সঠিক সুযোগ পাচ্ছিলেন না। প্রিয়াঙ্কার ভাষ্যমতে, আমি বুঝতে পারছিলাম আমাকে ধীরে ধীরে একঘরে করে ফেলা হচ্ছে। কাজের পরিধি কমে আসছিল এবং এক ধরণের শূন্যতা তৈরি হয়েছিল। তখন আমি উপলব্ধি করি যে, আমার নতুন কোনো গন্তব্য খোঁজা প্রয়োজন।
বলিউড থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার পর প্রিয়াঙ্কা পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। তবে এই যাত্রা সহজ ছিল না। ৩০ বছর বয়সে নতুন করে ক্যারিয়ার শুরু করার চ্যালেঞ্জ নিয়েছিলেন তিনি। প্রথমে মিউজিক ইন্ডাস্ট্রিতে এবং পরে জনপ্রিয় টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’র মাধ্যমে বিশ্বজুড়ে নিজের পরিচিতি তৈরি করেন। বর্তমানে তিনি হলিউডের প্রথম সারির একজন অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
২০১৮ সালে মার্কিন পপ তারকা নিক জোনাসকে বিয়ে করে প্রিয়াঙ্কা এখন স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। বলিউডে তাকে সর্বশেষ ২০১৯ সালে ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ সিনেমায় দেখা গিয়েছিল। দীর্ঘ বিরতির পর আবারও ভারতীয় প্রজেক্টে কাজ শুরু করেছেন তিনি। সম্প্রতি ‘বারাণসী’ নামের একটি সিনেমায় দেখা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
