পৃথিবীর সবচেয়ে বড় আশ্রয়টা হারিয়ে ফেলেছি: পূজা

প্রকাশ : ২৪ মার্চ ২০২৬, ১৫:০৭ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পূজা চেরি। ঈদের দিন মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা ‘দম’। টানা কয়েক দিন ধরেই সিনেমাটির প্রচারে ব্যস্ত সময় পার করছেন তিনি। তবে ঈদের তৃতীয় দিনে আবেগঘন এক পোস্টে ভেসে উঠেছে তার ব্যক্তিগত বেদনার কথা। কারণ, এদিন তার মায়ের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী।

কয়েক দিন অসুস্থ থাকার পর ২০২৪ সালের ২৪ মার্চ মারা যান পূজার মা ঝর্ণা রায়। হঠাৎ মাকে হারিয়ে ভেঙে পড়েছিলেন এই অভিনেত্রী। দুই বছর পেরিয়ে গেলেও সেই শূন্যতা এখনো তীব্র হয়ে আছে।

পোস্টে পূজা লিখেছেন, ‘আজ তোমাকে ছাড়া ২ বছর কেটে গেল। সময় সত্যিই থেমে থাকে না। কিন্তু কিছু শূন্যতা কখনোই ভরে না। এই দুই বছরে অনেক কিছু বদলে গেছে-শুধু বদলায়নি তোমার জন্য আমার অপেক্ষা।’

মায়ের সঙ্গে গভীর সম্পর্কের কথাও স্মরণ করেছেন তিনি। লিখেছেন, ‘প্রতিটা দিন, প্রতিটা মুহূর্তে তোমাকে নতুন করে মিস করি। কিছু কষ্ট আছে, যা কাউকে বলা যায় না-শুধু মনে মনে তোমার কাছেই বলি। কারণ তুমি ছাড়া কেউ আমাকে তোমার মতো বুঝতে পারে না।’

মায়ের মৃত্যুর পর নিজের সবচেয়ে বড় আশ্রয় হারানোর কথাও তুলে ধরেন এই অভিনেত্রী। তার ভাষায়, ‘মামুনি, তুমি চলে যাওয়ার পর বুঝেছি, পৃথিবীর সবচেয়ে বড় আশ্রয়টা হারিয়ে ফেলেছি। যে মানুষটা আমার ছোট ছোট সুখে হাসত, আমার কষ্টে চুপচাপ পাশে থাকত, সে আজ শুধু স্মৃতির মধ্যে বেঁচে আছে।’

দূরের আকাশে মাকে খুঁজে ফেরার অনুভূতিও শেয়ার করেন পূজা। তিনি লিখেছেন, ‘আজও আকাশের দিকে তাকালে মনে হয়, দূরের কোনো তারায় তুমি আছ—আমাকে দেখছো, আমার জন্য দোয়া করছো।’

মায়ের জন্য প্রার্থনা জানিয়ে পূজা বলেন, ‘মামুনি, তুমি যেখানেই থাকো, ভালো থেকো। তোমার ভালোবাসা আর শেখানো পথেই আমি বেঁচে আছি। দুই বছর হয়ে গেল, কিন্তু তোমাকে হারানোর কষ্টটা আজও প্রথম দিনের মতোই তাজা।’

উল্লেখ্য, ‘দম’ সিনেমায় শাহজাহান ইসলাম নূর চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো। নূরের মায়ের চরিত্রে রয়েছেন ডলি জহুর। নূরের স্ত্রী রানী চরিত্রে অভিনয় করেছেন পূজা চেরি।


আমার বার্তা/এমই