নিজেকে বাঘিনী মনে হয় কিয়ারা আদভানির

প্রকাশ : ২৯ মার্চ ২০২৬, ১০:৫১ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন

মা হওয়ার পর নিজেকে এখন বাঘিনীর মতো মনে হয় বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানির। গত বছরের ২৫ জুলাই প্রথম সন্তানের মা হন কিয়ারা। এর পর থেকেই নিজেকে প্রচারের আলো থেকে দূরে রাখেন।

মাতৃত্বের স্বাদ পুরো উপভোগ এবং মেয়ে সারায়া মালহোত্রা ও স্বামী সিদ্ধার্থ মালহোত্রার প্রতিই মনোযোগ ছিল তার। এই মাতৃত্ব তাকে আমূল বদলে দিয়েছে বলে জানান ‘টক্সিক’ সিনেমা দিয়ে ফের বড় পর্দায় প্রত্যাবর্তনের জন্য প্রস্তুতি নেওয়া কিয়ারা।

মাতৃত্বের বন্ধন কীভাবে বদলে দিয়েছে তার জীবন—সে কথা অকপটে স্বীকার করলেন কিয়ারা আদভানি। তিনি বলেন, মা হওয়ার পর এখন আরও বেশি যত্নশীল হয়েছেন এবং জীবনকে ভিন্ন দৃষ্টিতে দেখেন।

মাতৃত্ব একটি গভীর মানসিক পরিবর্তন এনেছে জানিয়ে তিনি বলেন, ‘আমি আরও বেশি বাঘিনীর মতো হয়ে গেছি।’

ভারতীয় গণমাধ্যম নিউজএইটিন সূত্রে জানা যায়, সম্প্রতি গ্রাজিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে কিয়ারা মাতৃত্ব কীভাবে তার দৃষ্টিভঙ্গিকে নতুন রূপ দিয়েছে, কীভাবে পরিবারের সঙ্গে বন্ধন বাড়িয়েছে—এসব ব্যাপারে খোলামেলা আলোচনা করেন। এখন জীবনের প্রতি তার বিশ্বাস ও কিছু জিনিস অপরিবর্তিত থেকে গেলেও নিজেকে অনেক পরিপূর্ণ ও স্বাধীন মনে হয়। ‘বিয়ের আগে আমার আর সিদ্ধার্থের মধ্যে অনেক খুনসুটি চলত, সেসব এখনও আছে। আমি এখন জীবনকে সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখি। মনে হয় যেন আর কিছুই গুরুত্বপূর্ণ নয়, আবার একই সঙ্গে সবকিছুই গুরুত্বপূর্ণ মনে হয়,’ বলেন ‘ওয়ার ২’ তারকা।

গীতু মোহনদাস পরিচালিত ‘টক্সিক’ দিয়ে কিয়ারা সিনেমার বড় পর্দায় ফিরছেন। ১৯ মার্চ মুক্তি পাওয়ার কথা থাকলেও মধ্যপ্রাচ্য সংকটে তারিখ পিছিয়ে ৪ জুন করা হয়। ‘টক্সিক’-এ যশের বিপরীতে অভিনয়ের মাধ্যমে তেলেগু সিনেমায় অভিষেক ঘটবে কিয়ারার।