তরুণদের নতুন ভাবনাই সংস্কৃতি-দেশকে এগিয়ে নেবে: আজিজুল হাকিম
প্রকাশ : ২০ মে ২০২৬, ১৮:১২ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

চলচ্চিত্র ও নাট্যাঙ্গনের প্রতিটি প্রজন্মই নিজস্ব বাস্তবতা ও ভিন্ন চিন্তাভাবনা নিয়ে বড় হয়। আর তরুণদের সেই নতুন ভাবনাই এ দেশের সংস্কৃতি ও দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় বলে মনে করেন গুণী অভিনেতা আজিজুল হাকিম। সম্প্রতি এক সাক্ষাৎকারে তরুণদের কাজের ভূয়সী প্রশংসা করে তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন এই প্রবীণ তারকা।
আজিজুল হাকিম বলেন, ‘তরুণরা কিন্তু সবসময় ভিন্ন ভিন্ন চিন্তাভাবনা করে। আজকে যিনি তরুণ, কালকে তিনি প্রবীণ হচ্ছেন। আবার তরুণরা কিন্তু সেই জায়গাটায় এসে তার যে ভাবনা, সেই ভাবনাটা নিয়ে কাজ করবে। তাই আমি সবসময় বলি যে তরুণদের চিন্তাভাবনাটাই কিন্তু সামনের দিকে আমাদের সংস্কৃতিকে, আমাদের দেশকে এগিয়ে নিয়ে যায়।’
নিজের ক্যারিয়ারের শুরুর দিনগুলোর কথা স্মরণ করে এই অভিনেতা সামাজিক ও অর্থনৈতিক পরিবর্তনের বিষয়টিও তুলে ধরেন। তার কথায়, ‘আমরা যখন তরুণ ছিলাম, তখনকার যে ধরনের সুযোগ-সুবিধা বা যে ধরনের কাজের পরিবেশ ছিল-সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক যে বাস্তবতা ছিল, সেই বাস্তবতায় কাজ হয়েছে।’
তিনি আরও বলেন, ‘এখনকার তরুণরা যে ধরনের বাস্তবতার মধ্যে বেড়ে উঠছে, তাদের পারিপার্শ্বিক যে অবস্থা, সেই অবস্থায় তারা কাজ করছে। আমি অবশ্যই মনে করি, তাদের এই কাজ ও চিন্তাকে অ্যাপ্রিশিয়েট করা উচিত।’
অভিনেতার ভাষ্যে, ‘অনেক তরুণদের সাথে কাজ করছি, অনেক নতুন নির্মাতার সাথে কাজ করছি, যারা অনেক ভালো ভালো কাজ করছেন এবং আমাদের সংস্কৃতিতে অনেক বড় একটা অবদান রাখার চেষ্টা করছে।’
আমার বার্তা/এমই
