তেহরানে খামেনিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইসরায়েল
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:১৫ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

ইরানের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধে নেমেছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। তাদের এই যুদ্ধের গুরুত্বপূর্ণ লক্ষ্য দেশটিতে ক্ষমতাসীন ইসলামি প্রজাতন্ত্রী সরকারের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করা।
আজ শনিবার সকাল ৯ টার দিকে রাজধানী তেহরানসহ ইরানের ৬টি শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র। তেহরানে যে এলাকায় ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে, তার কাছেই খামেনির দপ্তর।
তবে সূত্রের বরাত দিয়ে এএফপি এবং রয়টার্স জানিয়েছে, ৮৬ বছর বয়সী খামেনি বর্তমানে তেহরানে নেই। তাকে আগেই রাজধানী থেকে দূরে একটি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এ ব্যাপরে এর বেশি আর কিছু জানা যায়নি।
ইরানের পরমাণু প্রকল্প নিয়ে ৬ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে সংলাপ শুরু হয়েছিল। গত কাল শনিবার জেনেভায় কোনো প্রকার সমঝোতা চুক্তি স্বাক্ষর ছাড়াই শেষ হয়েছে সংলাপ। সংলাপ শেষ হওয়ার পর ওয়াশিংটনে প্রেসিডেন্ট ট্রাম্প সাংবাদিকদের জানিয়েছিলেন— বৈঠকের ফলাফল নিয়ে তিনি সন্তুষ্ট নন।
তেহরান-ওয়াশিংটনের প্রতিনিধিদের বৈঠক শেষ হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে ইরানে সামরিক অভিযান শুরু করল যুক্তরাষ্ট্র-ইসরায়েল।
আমার বার্তা/এমই
