ভারত মহাসাগরে ইরানি যুদ্ধজাহাজ ডুবিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র: হেগসেথ
প্রকাশ : ০৪ মার্চ ২০২৬, ১৯:৪১ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

ভারত মহাসাগরে ইরানের একটি সাবমেরিন ডুবিয়ে দেওয়ার পেছনে যুক্তরাষ্ট্রের হাত রয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। টর্পেডো দিয়ে সাবমেরিনটি ডুবিয়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি।
আজ বুধবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদরদপ্তর পেন্টাগনে এক ব্রিফিংয়ে প্রতিরক্ষামন্ত্রী ইরানে হামলার সর্বশেষ পরিস্থিতি নিয়ে কথা বলেন।
এর আগে প্রকাশিত সংবাদ অনুযায়ী, শ্রীলঙ্কার জলসীমার বাইরে একটি ইরানি ফ্রিগেট (যুদ্ধজাহাজ) ডুবিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় ১০০ জনেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী বলেন, ইরানের ওপর হামলা তাঁর দেশ ও ইসরায়েল কেবল শুরু করেছে; সামনে এ ধরনের আরও বড় আকারের হামলা আসছে।
পিট হেগসেথ আরও বলেন, যুদ্ধ শুরুর এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে অর্থাৎ আগামী কয়েক দিনের মধ্যেই ইরানি আকাশসীমার ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ নেওয়ার আশা করছে মার্কিন ও ইসরায়েলি বাহিনী।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যে আরও সেনা পৌঁছাচ্ছে। এই যুদ্ধে জয় নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র সময় নেবে। তিনি বলেন, ‘এটি খুবই প্রাথমিক পর্যায়। প্রেসিডেন্ট ট্রাম্প যেমনটি বলেছেন, সফল হওয়া নিশ্চিত করতে আমাদের যতটুকু সময়ের প্রয়োজন, আমরা ততটুকু নেব।’
আমার বার্তা/এমই
