ইরানের হামলায় লণ্ডভণ্ড ইসরায়েলের আরাদ শহর, নিহত ৬ জন

প্রকাশ : ২২ মার্চ ২০২৬, ১০:৩৯ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বিধ্বস্ত ইসরাইলের আরাদ শহরের একটি বাড়ি। ছবি: অনলাইন।

ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর আরাদ ও ডিমোনায় ইরানের শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। এই হামলায় অন্তত ৬ জন নিহত এবং নারী-শিশুসহ আরও ৮৮ জন আহত হয়েছেন। আল-জাজিরা ও ইসরায়েলি সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর আরাদের জনবহুল এলাকায় ইরানের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হানে। স্থানীয় অগ্নিনির্বাপণ সেবা বিভাগ জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি আবাসিক ভবনের ওপর পড়ায় অন্তত ২০টি ভবন ধসে পড়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত ৮৮ জনের মধ্যে ১০ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক এবং ১৯ জন মাঝারি ধরনের আঘাত পেয়েছেন। আহতদের মধ্যে ৫ বছর বয়সী এক কন্যাশিশুও রয়েছে।

আরাদের পাশাপাশি ইসরায়েলের আরেক গুরুত্বপূর্ণ শহর ডিমোনাতেও হামলা চালিয়েছে ইরান। উল্লেখ্য, এই ডিমোনা শহরেই ইহুদিবাদী দেশটির পরমাণু গবেষণা কেন্দ্র অবস্থিত। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ক্ষেপণাস্ত্রের আঘাতে সেখানে একাধিক ভবন বিধ্বস্ত হয়েছে। তবে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা নিশ্চিত করেছে যে, পরমাণু গবেষণা কেন্দ্রটি বর্তমানে নিরাপদ রয়েছে।

ইসরায়েলি সংবাদমাধ্যম 'আরুতজ শেভা'র তথ্যমতে, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করতে ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা (এয়ার ডিফেন্স সিস্টেম) দুইবার চেষ্টা করেও ব্যর্থ হয়। কেন এবং কীভাবে এই শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ক্ষেপণাস্ত্রটি সরাসরি লোকালয়ে আঘাত হানলো, তা নিয়ে ইসরায়েলি বিমানবাহিনী উচ্চপর্যায়ের তদন্ত শুরু করেছে।

এই ভয়াবহ হামলার পর আরাদ শহরের হাসপাতালগুলোতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে ইসরায়েলের শিক্ষা মন্ত্রণালয় দেশজুড়ে সশরীরে ক্লাস বন্ধের নির্দেশ দিয়েছে। আগামী রবি ও সোমবার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে এই নির্দেশ কার্যকর থাকবে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক বিবৃতিতে উদ্ধার তৎপরতা জোরদার করার জন্য সংশ্লিষ্ট বাহিনীগুলোকে নির্দেশ দিয়েছেন।


আমার বার্তা/এমই