সম্পর্ক পুনরুদ্ধারের সফরে ব্রিটিশ রাজাকে মৌচাক দেখালেন ট্রাম্প দম্পতি

প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ১৫:১৬ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

হোয়াইট হাউসের সাউথ লনে ব্রিটিশ রাজা-রানিকে মৌচাক দেখান ট্রাম্প দম্পতি। সোমবার ওয়াশিংটন ডিসিতে।

চারদিনের সফরে যুক্তরাষ্ট্রে গেছেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা। ইরান যুদ্ধ ঘিরে ওয়াশিংটনের সঙ্গে লন্ডনের সম্পর্কে দূরত্ব তৈরি হওয়ার প্রেক্ষাপটে রাজা-রানি এই সফর করছেন।

সফরের দ্বিতীয় দিনে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার কংগ্রেসে ভাষণ দেবেন তৃতীয় চার্লস। সেখানে তিনি দুই দেশের সম্পর্ক ঘনিষ্ঠ এবং একত্রে কাজ করার আহ্বান জানাবেন। এর আগে হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে রাজা-রানিকে আনুষ্ঠানিক সংবর্ধনা দেওয়া হবে। 

মঙ্গলবার দিনের বেশিরভাগ সময় জুড়ে থাকবে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান। রাজা চার্লস ও রানি ক্যামিলার আগমনী অনুষ্ঠানে ২১টি তোপধ্বনি এবং সেনা পরিদর্শনের আয়োজন থাকবে বলে জানা গেছে। এরপর ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি মেলানিয়া রাজ পরিবারের সঙ্গে বৈঠক করবেন। সন্ধ্যায় হোয়াইট হাউসে এক জমকালো রাষ্ট্রীয় ভোজে অংশ নেবেন তারা।

তবে সফরের প্রথমদিনে স্থানীয় সময় সোমবার বেশ কিছু প্রতীকী মুহূর্ত নজর কেড়েছে। ট্রাম্প দম্পতি চার্লস ও ক্যামিলাকে হোয়াইট হাউসে চা ও কেক দিয়ে আপ্যায়ন করেন। পরে সাউথ লনে (প্রেসিডেন্টের বাসভবনের উদ্যান) মৌমাছির চাক দেখান। আরেকটি প্রতীকী মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প রাজা-রানিকে একটি চিত্রকর্ম দেখান। এটি ছিল ২০২৪ সালে পেনসিলভানিয়ায় তাঁকে হত্যাচেষ্টার মুহূর্তের। 

প্রেসিডেন্টের বাসভবন ঘুরে দেখার পর রাজা-রানি ব্রিটিশ দূতাবাসে একটি গার্ডেন পার্টিতে যোগ দেন। সেখানে মেনুতে ছিল শসার স্যান্ডউইচ ও স্কোন (হালকা মিষ্টি ও নোনতা বিস্কুট)।

ব্রিটিশ রাজার এই সফরের আলোচিত মুহূর্তটি দেখা যাবে মঙ্গলবার। তখন তৃতীয় চার্লস মার্কিন কংগ্রেসে ভাষণ দেবেন। ১৯৯১ সালে রানি এলিজাবেথের (তৃতীয় চার্লসের মা) পর রাজ পরিবারের প্রথম প্রতিনিধি হিসেবে তিনি কংগ্রেসে ভাষণ দেবেন। ধারণা করা হচ্ছে, ইরান যুদ্ধে সহযোগিতা না করায় ট্রাম্পের তোপের মুখে থাকা স্টারমার প্রশাসন রাজার এই সফরের মাধ্যমে সম্পর্ক মেরামতের চেষ্টা করছে।


আমার বার্তা/এমই