অনুমতি ছাড়া নির্মাণ: অরুণাচলে সিলগালা করা হলো ১৫টি মসজিদ
প্রকাশ : ০৫ জুন ২০২৬, ১০:৫৩ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন

যথাযথ কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে নির্মাণের অভিযোগে ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য অরুণাচলের রাজধানী ইটানগরে ১৫টি মসজিদ সিলগালা করে দিয়েছে রাজ্য প্রশাসন। গত কাল ৪ জুন বৃহস্পতিবার মসজিদগুলো সিলগালা করা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির তথ্য অনুসারে, বিনা অনুমতিতে নির্মিত এই মসজিদগুলোর বিরুদ্ধে ব্যাপক প্রচারাভিযানে নেমেছিল অরুণাচল প্রদেশ ইন্ডিজেনাস ইউথ অর্গানাইজেশন (এপিওয়াইও) নামের একটি সংস্থা। এপিও’র অভিযোগ, অবৈধ এসব মসজিদ স্থাপনের মাধ্যমে স্থানীয় জনবিন্যাস পরিবর্তন করার চেষ্টা করছে মুসলিমদের একাংশ।
সম্প্রতি এ ইস্যুতে রাজধানী ইটানগরে লাগাতার ধর্মঘটের ডাক দেয় এপিওয়াইও, সেই সঙ্গে হুমকি দেয়— যদি প্রশাসন শিগগিরই ব্যবস্থা না নেয়, তাহলে এ ইস্যুতে বৃহত্তর গণ আন্দোলনে নামবে সংস্থাটি।
তারপরই বৃহস্পতিবার মসজিদগুলো সিলগালা করে রাজ্য প্রশাসন। ৪ জুন বৃহস্পতিবার সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে রাজ্য সরকারের মুখপাত্র এবং শিক্ষামন্ত্রী পি. ডি. সোনা বলেন, চলতি ২০২৬ সালের জানুয়ারিতে এপিওয়াইও প্রতিনিধি এবং রাজ্যের মুখ্যমন্ত্রী পেমা খান্ডুর মধ্যে একটি বৈঠকে বিষয়টি প্রথম সরকারের নজরে আনা হয়েছিল।
বৈঠকের পর, সরকার জেলা কর্তৃপক্ষকে প্রয়োজনীয় অনুমতি ছাড়া নির্মিত স্থাপনাগুলো চিহ্নিত করার নির্দেশ দেয়। পরবর্তীকালে একটি সরকারি সমীক্ষায় ইটানগরে ১৫টি অননুমোদিত মসজিদ চিহ্নিত করা হয়।
সাংবাদিকদের পি. ডি. সোনা জানান, রাজধানী কর্তৃপক্ষ চিহ্নিত স্থাপনাগুলোর মধ্যে ১২টি সিল বা খালি করা সংক্রান্ত আইনি প্রক্রিয়া আগেই শেষ করেছিল। বাকি তিনটি মসজিদের ব্যাপারে ১ জুন মুখ্যমন্ত্রী এবং এপিআইওয়াইও নেতাদের মধ্যে আরেকটি বৈঠকে পর্যালোচনা করা হয়, পরে সেই মসজিদগুলোও সিলগালা করার সিদ্ধান্ত নেওয়া হয়।
“যে উদ্বেগের কারণে এপিওয়াইও ধর্মঘটের ডাক দিয়েছিল, আইনসম্মত প্রশাসনিক পদক্ষেপের তার সমাধান করা হয়েছে। আমরা আশা করি, ভবিষ্যতে জনস্বার্থ সংশ্লিষ্ট ইস্যুতে ধর্মঘটের ডাক দেওয়ার আগে এআইওয়াইও তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে”, সাংবাদিকদের বলেছেন পিডি সোনা।
সূত্র : এনডিটিভি
আমার বার্তা/জেএইচ
