৭ মামলায় সাবেক কৃষি মন্ত্রী আব্দুর রাজ্জাকের হাইকোর্টে জামিন আবেদন

প্রকাশ : ০৮ জুন ২০২৬, ১২:২৪ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

টাঙ্গাইলে দুটি হত্যাসহ ৭ মামলায় হাইকোর্টে জামিন আবেদন করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।

সোমবার (৮ জুন) হাইকোর্টের একটি ফৌজদারি ডিভিশন বেঞ্চে জামিন আবেদনগুলো করা হয়েছে। অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু বিষয়টি জানিয়েছেন।

এর আগে ২০২৪ সালের ২৪ নভেম্বর টাঙ্গাইলে দুটি হত্যাসহ তিন মামলায় ১৫ দিনের রিমান্ড শেষে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাককে  কারাগারে পাঠানো হয়। 

২০২৪ সালের ১১ নভেম্বর আব্দুর রাজ্জাককে টাঙ্গাইল আদালতে হাজির করা হয়। সেখানে টাঙ্গাইল শহরে গত ৫ আগস্ট গুলিতে নিহত স্কুলছাত্র মারুফ হত্যা মামলা, মির্জাপুরে গত ৩ আগস্ট গুলিতে নিহত কলেজছাত্র ইমন হত্যা মামলা এবং গত ৪ আগস্ট মধুপুর উপজেলা সদরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

ওই তিনটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সাতদিন করে পুলিশ রিমান্ড আবেদন করেন।

সংশ্লিষ্ট আদালত থেকে তাকে পাঁচদিন করে মোট ১৫ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

রিমান্ড মঞ্জুর হওয়ার পর প্রথমে আব্দুর রাজ্জাককে টাঙ্গাইল সদর থানায় স্কুলছাত্র মারুফ হত্যা মামলায় রিমান্ডে নেওয়া হয়। সেখানে পাঁচদিন জিজ্ঞেসাবাদ করা হয়। পরে ১৫ নভেম্বর ইমন হত্যা মামলায় জিজ্ঞেসাবাদের জন্য মির্জাপুর থানায় নেওয়া হয়।