প্রতারকচক্রের ফোনকলে সাড়া না দিতে নির্বাচন কমিশনের আহ্বান

প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৪৫ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

প্রতারকচক্রের ফোনকলে সাড়া না দেওয়ার জন্য আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন। রবিবার (১ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘‘সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, একটি প্রতারকচক্র নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নির্বাচনকালীন সম্মানি প্রদানের কথা বলে— তাদের কাছ থেকে বিকাশ নম্বর সংগ্রহের চেষ্টা করছে। প্রতারকরা ০১৩৪২০৪৬২৩২ ও ০১৬১২৬৭৭০৭৪ নম্বর ব্যবহার করে প্রতারণামূলক ফোনকল করছে।’’

এ বিষয়ে বাংলাদেশ নির্বাচন কমিশনের বক্তব্য হলো— ‘‘আসন্ন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে প্রিসাইডিং অফিসারদের মাধ্যমে নিজ নিজ কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত সব কর্মকর্তাকে বিধি অনুযায়ী নির্বাচনকালীন সম্মানি প্রদান করা হবে। এ জন্য কোনও ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগের প্রয়োজন নেই। নির্বাচন কমিশন নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত সব কর্মকর্তাকে প্রতারকচক্রের ফোনকলে সাড়া না দেওয়ার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছে।’’


আমার বার্তা/এমই