নতুন বাংলাদেশের প্রক্রিয়া শুরু হলো: ভোট প্রদান শেষে প্রধান উপদেষ্টা
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৯ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ (বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি) সকাল ১০টা ২৭ মিনিটে রাজধানীর গুলশান-২ নম্বরের ১/ডি ব্লকের ৮৬ নম্বর রোডে অবস্থিত গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে তিনি ভোটাধিকার প্রয়োগ করেন।
ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ড. ইউনূস বলেন, ‘নির্বাচনের মাধ্যমে আমরা অতীতকে বর্জন করলাম। যে সব দুঃস্বপ্নময় অতীত ছিলো, সেগুলো সম্পূর্ণরূপে আমরা ত্যাগ করেছি। আজ থেকে প্রতিটি পদে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ আমরা পেলাম। আজ আমরা যেন এক ধরনের জন্মদিন পালন করছি এবং সারা দিনব্যাপী উৎসব করছি।’
তিনি আরও বলেন, ‘এটি নিশ্চিত হবে গণভোটের মাধ্যমে। প্রার্থীর জন্য আমরা ভোট দিয়েছি, সেটা গুরুত্বপূর্ণ, কিন্তু গণভোটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে সারা বাংলাদেশ পাল্টে যাবে।’
‘আমি সবাইকে আহ্বান জানাই, গণভোটে অংশ নিন যাতে আমরা নতুন বাংলাদেশ গড়ে দিতে পারি। এটি আমার জীবনের সেরা দিন। বাংলাদেশের সবার মনে এটি একটি বিশেষ দিন—মুক্তির দিন, আমাদের দুঃস্বপ্নের অবসানের দিন। নতুন বাংলাদেশের সূচনা এই প্রক্রিয়ার মাধ্যমে শুরু হলো। অসংখ্য ধন্যবাদ সবাইকে, মোবারকবাদ’ যোগ করেন তিনি।
আমার বার্তা /জেএইচ
