নির্বাচন অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর হয়েছে: আইআরআই পর্যবেক্ষক

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৪৫ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে এসে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর হয়েছে বলে মন্তব্য করেছেন ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইন্সটিটিউটের (আইআরআই) পর্যবেক্ষক ও সাবেক মার্কিন কংগ্রেসম্যান ডেভিড ড্রেয়ার। বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়েও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) গুলশানের মানারাত ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের ভোটকেন্দ্র পরিদর্শন শেষে  ড্রেয়ার এ মন্তব্য করেন। তিনি বলেন, আজ বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। এটি আমার বাংলাদেশে প্রথম সফর। আমি দেখতে পাচ্ছি জনগণের মধ্যে উন্মাদনা, আনন্দ এবং উৎসবের আমেজ।

ড্রেয়ার জানান, তিনি সহকর্মীদের নিয়ে একাধিক ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন এবং ভোটগ্রহণ প্রক্রিয়াকে সুসংগঠিত ও সুষ্ঠুভাবে পরিচালিত হতে দেখেছেন। বাংলাদেশের জনগণ নিজেদের দেশের ভবিষ্যৎ নির্ধারণে ভূমিকা পালন করছে-এটা দেখা খুবই উত্তেজনাকর।

প্রথমবারের মতো বাংলাদেশে নির্বাচন পর্যবেক্ষণ করছেন উল্লেখ করে ড্রেয়ার বলেন, আজকের দিনটি স্ব-নির্ধারণের দিন। বাংলাদেশের জনগণ তা অত্যন্ত সুন্দরভাবে করে দেখাচ্ছে। তিনি অনেক প্রথমবারের ভোটারের সঙ্গে কথা বলেছেন জানিয়ে বলেন, আগে তারা ভোট দিতেন না কারণ মনে করতেন তাদের ভোটের কোনো মূল্য নেই। কিন্তু এবার তারা অনুভব করছেন যে তাদের ভোট গুরুত্বপূর্ণ এবং তারা পার্থক্য তৈরি করতে পারবেন।

ভোটগ্রহণ প্রক্রিয়া মুক্ত ও নিরপেক্ষ কি না-এমন প্রশ্নের জবাবে ড্রেয়ার বলেন, যেসব স্থান তিনি পরিদর্শন করেছেন সেখানে সবকিছু খুব সুশৃঙ্খলভাবে চলছে। ভোট কেনাবেচা বা অনিয়মের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, আমি ভোট কেনাবেচার কোনো প্রমাণ দেখিনি এবং কেউ আমার কাছে এমন কোনো অভিযোগও করেনি।

কিছু ভোটকেন্দ্রে দীর্ঘ লাইন দেখেছেন জানিয়ে ড্রেয়ার এটাকে অব্যবস্থাপনার চেয়ে ভোটারদের উৎসাহের প্রতীক বলে মনে করেন। তিনি বলেন, সকালে কেন্দ্রগুলোতে নারীদের সংখ্যা কম ছিল, কারণ অনেকেই পরিবারের দায়িত্ব পালন করছিলেন। কিন্তু বিকেলে আমি দেখেছি নারীদের দীর্ঘ লাইন-তারা উৎসাহ নিয়ে ভোট দিতে এসেছেন।

প্রতিবন্ধী ব্যক্তিদের ভোটকেন্দ্রে প্রবেশে সহায়তা করার বিষয়টিও তুলে ধরেন ড্রেয়ার। তিনি বলেন, আমি একজন হুইলচেয়ারে থাকা ব্যক্তিকে দেখেছি, যাকে সাহায্য করা হয়েছে যাতে তিনি ভোট দিতে পারেন। এটা খুব উৎসাহজনক।

বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা ভোটকেন্দ্রের ভেতরে উপস্থিত ছিলেন এবং তারা শান্তিপূর্ণভাবে কাজ করছিলেন উল্লেখ করে ড্রেয়ার বলেন, সবাই মিলে চেষ্টা করছে যাতে নির্বাচন মুক্ত ও নিরপেক্ষ থাকে।

উল্লেখ্য, আইআরআই ১৯৮০-এর দশকের শুরুর দিকে প্রতিষ্ঠিত একটি সংস্থা, যার লক্ষ্য গণতান্ত্রিক প্রতিষ্ঠান, আইনের শাসন, রাজনৈতিক বহুত্ববাদ এবং স্ব-নির্ধারণের অধিকার প্রচার করা।


আমার বার্তা/এমই