আজ থেকে সংসদ চলবে দুইবেলা, প্রথম অধিবেশন সকাল সাড়ে ১০টায়
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৬, ০৯:৫০ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

সাংবিধানিক বাধ্যবাধকতা পূরণে এখন থেকে দিনে দুই বেলায় চলবে জাতীয় সংসদের অধিবেশন। মঙ্গলবার (৭ এপ্রিল) থেকে সকাল ও বিকেল দুই সেশনে সংসদ কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংসদ সূত্রে জানা গেছে, অন্তর্বর্তী সরকারের সময় জারি করা ১৩৩টি অধ্যাদেশকে আইনে রূপান্তরের প্রক্রিয়া দ্রুত শেষ করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ পর্যন্ত ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ৯টি বিল আকারে পাস হয়েছে। এর মধ্যে গত ৬ এপ্রিল সাতটি বিল পাস করা হয়। একই দিনে আরও তিনটি বিল উত্থাপন করা হলেও বিরোধী দলের আপত্তির কারণে সেগুলো পরবর্তী কার্যদিবসে আলোচনার পর পাস হতে পারে।
সাংবিধানিক নিয়ম অনুযায়ী, আগামী ১২ তারিখের মধ্যে এসব অধ্যাদেশের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। সময় স্বল্পতার কারণে সংসদ অধিবেশন দিনে দুই বেলায় পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে।
সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম জানিয়েছেন, বিশাল সংখ্যক বিল পাসের কাজ শেষ করতে প্রতিদিন দুই সেশনে অধিবেশন চলবে। প্রথম অধিবেশন শুরু হবে সকাল সাড়ে ১০টায় এবং দ্বিতীয় অধিবেশন বিকেল সাড়ে ৩টায়।
তিনি আরও জানান, প্রয়োজন হলে সংসদের কার্যক্রম শুক্রবারও চালানোর প্রস্তুতি রাখা হয়েছে।
উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ৯৮টি সংসদে বিল আকারে উত্থাপনের জন্য নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে সোমবার ১০টি বিল উত্থাপন করা হয়, যার মধ্যে সাতটি ইতোমধ্যে পাস হয়েছে এবং বাকি তিনটি আলোচনার অপেক্ষায় রয়েছে।
আমার বার্তা/এমই
