বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস ইইউয়ের

প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬, ১৭:২৭ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার। বুধবার (১৫ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ ও ইইউ-র মধ্যকার দীর্ঘদিনের পারস্পরিক লাভজনক সম্পর্ক নিয়ে আলোচনা করেন। বিশেষ করে বর্তমান সংস্কার উদ্যোগ, অভিবাসন ব্যবস্থাপনা, দক্ষতা উন্নয়ন, আইনের শাসন এবং সুশাসনের মতো পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পায়। 

সাক্ষাতে পররাষ্ট্রমন্ত্রীর আসন্ন ব্রাসেলস সফর নিয়েও আলোচনা করেন তারা। এই সফরের অন্যতম প্রধান লক্ষ্য হলো ‘পার্টনারশিপ অ্যান্ড কো-অপারেশন অ্যাগ্রিমেন্ট’ (পিসিএ) স্বাক্ষরের প্রাথমিক প্রক্রিয়া সম্পন্ন করা। এই চুক্তির মাধ্যমে দুই পক্ষের দ্বিপাক্ষিক সহযোগিতাকে আরও প্রাতিষ্ঠানিক ও শক্তিশালী রূপ দেওয়া সম্ভব হবে।

রাষ্ট্রদূত মিলার বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় ইইউ-র সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। পররাষ্ট্রমন্ত্রী ইইউ-কে বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন ও বাণিজ্য অংশীদার হিসেবে উল্লেখ করেন।


আমার বার্তা/এমই