আইন মন্ত্রণালয়ের অধীন দপ্তরগুলোতে সুনির্দিষ্ট অভিযোগ পেলেই ব্যবস্থা

প্রকাশ : ০৩ মে ২০২৬, ১৮:৫৪ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

আইন মন্ত্রণালয়ের অধীনে কোনো দপ্তর বা বিভাগে অনিয়ম বা দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ পেলেই তা আমলে নিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

রোববার (৩ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে তিন দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সেশন শেষে এ কথা বলেন তিনি।

আইনমন্ত্রী বলেন, আইন মন্ত্রণালয়ের অধীনে আমাদের যত দপ্তর রয়েছে সেখানে সুনির্দিষ্ট কোনো দুর্নীতি, অনিয়ম বা অভিযোগ থাকলে সেগুলো সরাসরি আমাদের জানাতে বলেছি। এসব অভিযোগ আমরা সুনির্দিষ্টভাবে অ্যাড্রেস করব। মাঠ পর্যায়ে তাদেরকে ভিজিল্যান্স (সতর্ক) থাকতে বলেছি। এসব অভিযোগে আমরা অ্যাকশন নিচ্ছি কিনা সেটাও দেখার বিষয়।

তিনি বলেন, সরকারের সম্পত্তি সংক্রান্ত বিষয়ে অনেক ফাইল আসতে দেরি হয়। এটা যাতে না হয়, সে বিষয়ে দৃষ্টি রাখতে বলেছি। এছাড়া জেলা প্রশাসকরা যদি কিছু সাজেস্ট করেন সে বিষয়গুলো জানাতে বলেছি। যাতে এসব বিষয়গুলো ভবিষ্যতে আমরা সমাধান করতে পারি। 

মাঠ পর্যায়ে থেকে মন্ত্রণালয়ে অভিযোগ জানাবে এটা তো রুটিন ওয়ার্কের মতোই। এই অভিযোগ জানানোর জন্য আলাদা কোন হেল্পলাইন বা বিশেষ কিছু করা হচ্ছে কিনা?  এমন প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, এটার জন্য আলাদা হেলপ্লাইন প্রয়োজন নেই। সরকারের একটা বিভাগ থেকে আরেকটি বিভাগের সমন্বয়ে রয়েছে সুতরাং এখানে হেল্পলাইনের প্রয়োজন হবে না।

জেলা প্রশাসকদের কোনো প্রস্তাব রয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমার সেশনে জেলা প্রশাসকদের কোনো প্রস্তাব ছিল না। এছাড়া মামলা জট কমানোর জন্য ডিসিদের কোনো পরামর্শ থাকলে জানাতে বলেছি। তিনি আরও বলেন, পার্মানেন্ট প্রসিকিউশন সার্ভিস আমাদের বিবেচনাধীন রয়েছে। আমরা এটা নিয়ে কাজ করছি।


আমার বার্তা/এমই