জনস্বার্থে বেসরকারি বিল উত্থাপনে জোর সংসদীয় কমিটির

প্রকাশ : ১২ মে ২০২৬, ১৯:০৩ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

জনগুরুত্বপূর্ণ বিষয়ে বেসরকারি বিল উত্থাপনে সংসদ সদস্যদের সচেতন করতে বিশেষ উদ্যোগ নিয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের ‘বেসরকারি সদস্যদের বিল ও বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত-প্রস্তাব' সম্পর্কিত সংসদীয় কমিটি। সেই সঙ্গে সংসদীয় কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে লেজিসলেটিভ ড্রাফটিং ইউনিটকে বিলের খসড়া তৈরিতে আরও সক্রিয় হওয়ারও সুপারিশ করেছে কমিটি।

মঙ্গলবার (১২ মে) জাতীয় সংসদ ভবনে 'বেসরকারি সদস্যদের বিল ও বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত-প্রস্তাব' সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি মো. শাহজাহান এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে- আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামানসহ কমিটির অন্যান্য সদস্যরা অংশগ্রহণ করেন। বৈঠকে উপস্থিত ছিলেন মো. আমানউল্লাহ আমান, মো. আবুল খায়ের ভূঁইয়া, মোছা. তাহসিনা রুশদীর, মুহাম্মদ নওশাদ জমির, শাহজাহান চৌধুরী এবং মো. নূরুল ইসলাম।

বৈঠকের শুরুতেই একটি বিশেষ মোনাজাতের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যারা জীবন উৎসর্গ করেছেন, তাদের রুহের মাগফেরাত কামনা করা হয়। এরপর পরিচিতি পর্ব শেষে কমিটির মূল কার্যপরিধি এবং বেসরকারি বিল ও সিদ্ধান্ত-প্রস্তাব সম্পর্কিত সংবিধান ও কার্যপ্রণালি বিধির নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

কমিটির কার্যক্রমকে আরও গতিশীল ও জনকল্যাণমুখী করার ওপর গুরুত্বারোপ করে বৈঠকে বলা হয় যে, জনগুরুত্বপূর্ণ বিষয়ে বেসরকারি বিল উত্থাপনে সব সংসদ সদস্যকে উৎসাহিত করতে হবে। এক্ষেত্রে কমিটির সদস্যদের সক্রিয় ভূমিকা পালনের পাশাপাশি সাধারণ সংসদ সদস্যদের সচেতন করার পরামর্শ দেওয়া হয়। এছাড়া সংসদ সদস্যদের বিলের খসড়া বা ড্রাফটিং তৈরিতে সহায়তার জন্য সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ ড্রাফটিং ইউনিটকে আরও বেশি তৎপর ও সচেষ্ট হওয়ার জোরালো সুপারিশ করা হয়েছে।

সভায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং জাতীয় সংসদ সচিবালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। সংসদীয় এই কমিটির তৎপরতা বাড়ানোর মাধ্যমে সংসদীয় গণতন্ত্রের চর্চা আরও সুসংহত হবে।


আমার বার্তা/এমই