ভোটার লাইনে দাঁড়াবে ছবি তুলবে এর ব্যত্যয় ঘটার কোনো সুযোগ নেই
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৩৯ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) জারি করা মোবাইল ফোন ব্যবহারের কঠোর বিধিনিষেধের তীব্র প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, নির্বাচনের দিন হবে গণতন্ত্রের উৎসবের দিন এবং ভোটার নিজের পছন্দের স্বাধীনতাকে উপভোগ করবে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এই মন্তব্য করেছেন।
ডা. শফিকুর রহমান পোস্টে লিখেছেন, এই দেশের মানুষ একটি স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন চায়। রক্তের বিনিময়ে এই অধিকার অর্জিত হয়েছে। মানুষ নিজের পছন্দের প্রার্থীকে নির্ভয়ে ভোট দিতে চায়, প্রার্থী ও প্রতীক নিয়ে উদযাপন করতে চায়। নির্বাচনের দিন গণতন্ত্রের উৎসব উদ্যাপনের দিনে পরিণত হওয়া উচিত। সেদিন গর্বভরে ভোটার লাইনে দাঁড়াবে, ছবি তুলবে আর নিজের পছন্দের স্বাধীনতাকে উপভোগ করবে।
তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এর ব্যত্যয় ঘটার কোনো সুযোগ নেই। কেউ যদি এই অধিকার কেড়ে নিতে চায় বা এতে হস্তক্ষেপ করার চেষ্টা করে, তবে তার মনে রাখা উচিত এই জাতি প্রস্তুত। বিশেষ করে আমাদের তরুণ প্রজন্ম অধিকার রক্ষায় সদা প্রস্তুত আছে। ভোটের অধিকার একবার লড়াই করে অর্জিত হয়েছে। প্রয়োজনে এই অধিকার আবারও লড়াই করেই রক্ষা করা হবে, ইনশাআল্লাহ।
সম্প্রতি নির্বাচন কমিশন এক নির্দেশনায় জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের ৪০০ গজ ব্যাসার্ধের মধ্যে প্রিসাইডিং অফিসার, পুলিশ ইনচার্জ এবং নির্দিষ্ট দুজন আনসার সদস্য ব্যতীত অন্য কেউ মোবাইল ফোন ব্যবহার বা বহন করতে পারবেন না।
নির্বাচন কমিশনের এই নতুন নির্দেশনায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন পেশাদার সাংবাদিকরা। বর্তমান সময়ে ডিজিটাল সাংবাদিকতার যুগে অধিকাংশ সংবাদকর্মী ছবি তোলা, ভিডিও রেকর্ড করা এবং তাৎক্ষণিক সংবাদ প্রেরণের জন্য স্মার্টফোনের ওপর নির্ভরশীল। ফোনের ওপর এই নিষেধাজ্ঞা স্বাধীন সাংবাদিকতা এবং নির্বাচনের স্বচ্ছতাকে প্রশ্নবিদ্ধ করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আমার বার্তা /জেএইচ
