গণতন্ত্র যে ফিরে আসছে, সেটা অনুভব করতে পারছি: আমীর খসরু

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:১০ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন

নগরীর কাট্রলীতে ভোট প্রদান শেষে বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ভোটের খুবই ভালো পরিবেশ এবং অসংখ্য ভোটার। আসতে আসতে যা দেখলাম, ২-৩টি সংসদীয় আসনে ঘুরে আসলাম। অসংখ্য ভোটার এবং স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাস, গণতন্ত্র যে ফিরে আসছে সেটা আমরা অনুভব করতে পারছি।

তিনি বলেন, বাংলাদেশের যে কোনো ক্রান্তি লগ্নে, কঠিন সময়ে, দুঃসময়ে বাংলাদেশের জনগণ বারবার কঠিন সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতি আস্থা রেখেছে। সংকট উত্তরণের জন্য তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বের ওপরে আস্থা রেখেছে।

তিনি আরও বলেন, বিএনপি বারবার সংকট থেকে এদেশের উত্তরণ ঘটিয়েছে। আমি লক্ষ্য করছি, এবারও বাংলাদেশের মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ওপর আস্থা রেখেছে। জনগণের মধ্যে দৃশ্যমান, তারা চাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী দিনে বাংলাদেশকে নেতৃত্ব দিক। সরকার গঠন করুক।

তিনি বলেন, এই সমস্যা থেকে উত্তরণের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের চেয়ারম্যান তারেক রহমান যে পরিকল্পনার কথা বলছেন বারবার তা বাস্তবায়নের দিকে যেন আমরা যেতে পারি।

বাংলাদেশের মানুষ গত ১৭-১৮ বছর ভোট দিতে পারেনি। এই ভোটের জন্য অনেক মানুষের অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। জীবন দিতে হয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে, ব্যবসা হারিয়েছে, চাকরি হারিয়েছে। পুলিশের হেফাজতে মৃত্যু বরণ করেছে। জেলখানায় চিকিৎসার অভাবে মৃত্যুবরণ করেছে। এই ভোটের পিছনে তাদেরই অবদান। আমি আজকে তাদের ম্মরণ করছি।

আজকে সবচেয়ে বড় কথা বাংলাদেশ একটি গণতান্ত্রিক অর্ডারের দিকে ফিরে যাচ্ছি। যার মাধ্যমে বাংলাদেশের জনগণ তাদের গণতান্ত্রিক সাংবিধানিক রাজনৈতিক অধিকার ফিরে পাবে। তারা তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারবে। তাদের সংসদ, সরকার নির্বাচিত হবে। যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। এটা গণতন্ত্রের মূলমন্ত্র। যেটা আমরা আদায় করতে পেরেছি।


আমার বার্তা /জেএইচ