ইসলাম মানুষের জীবন ও সম্পদ রক্ষার নির্দেশ দিয়েছে: শায়খ সুদাইস

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

মক্কার পবিত্র স্থাপনাগুলো লক্ষ্য করে হামলার নিন্দা জানিয়েছেন মসজিদুল হারাম ও মসজিদে নববীর ধর্মীয়বিষয়ক প্রেসিডেন্ট শায়খ ড. আবদুর রহমান আস-সুদাইস। তিনি মুসলিমদের ঐক্য বজায় রাখতে, যাচাই করে তথ্য প্রচার করতে এবং সৌদি আরবের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন।

এক বিবৃতিতে শায়খ সুদাইস বলেন, পবিত্র স্থানগুলোকে লক্ষ্য করে হামলা ইসলামের শিক্ষা ও মানবিক মূল্যবোধের মৌলিক নীতির পরিপন্থী। ইসলাম আগ্রাসন নিষিদ্ধ করেছে এবং মানুষের জীবন, সম্পদ ও মর্যাদা রক্ষার নির্দেশ দিয়েছে।

তিনি বলেন, বিশ্বের কোটি কোটি মুসলমানের হৃদয়ে পবিত্র স্থানগুলোর বিশেষ মর্যাদা রয়েছে। এসব স্থানের নিরাপত্তার জন্য যেকোনো ধরনের হুমকি অত্যন্ত গুরুতর বিষয়।

অনিশ্চয়তার সময়ে ঐক্য ও সংহতি বজায় রাখার গুরুত্বও তুলে ধরেন শায়খ আল-সুদাইস। তিনি জাতীয় সংহতি বজায় রাখতে সহযোগিতা, তথ্য প্রচারের ক্ষেত্রে দায়িত্বশীল থাকা এবং গুজব ও যাচাই না করে কোনো খবর ছড়িয়ে দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানান।

কোরআন ও সুন্নাহর শিক্ষার কথা উল্লেখ করে তিনি বলেন, মুসলমানদের আগ্রাসন থেকে বিরত থাকতে, বিশৃঙ্খলা ও অনাচার প্রতিরোধ করতে এবং বিশেষ করে কঠিন পরিস্থিতি ও সংকটের সময়ে ঐক্যবদ্ধ থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, তথ্যের জন্য মানুষকে সরকারি ও বিশ্বস্ত সূত্রের ওপর নির্ভর করতে হবে। বিভ্রান্তি, বিভাজন বা অস্থিতিশীলতা তৈরি করতে পারে এমন কোনো সংবাদ প্রচার থেকে বিরত থাকতে হবে।

বিবৃতির শেষে সৌদি আরব, দেশটির নেতৃত্ব ও জনগণের নিরাপত্তা ও স্থিতিশীলতা অব্যাহত থাকার জন্য দোয়া করেন শায়খ আল-সুদাইস। একই সঙ্গে পবিত্র স্থানগুলো এবং সেগুলোর সেবা ও নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিদের সুরক্ষার জন্যও দোয়া করেন তিনি।

এ ছাড়া মুসলিম বিশ্বে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য দোয়া করেন এবং বিভিন্ন সম্প্রদায়কে ক্ষতি ও দুর্ভোগ থেকে রক্ষার জন্য আল্লাহর কাছে প্রার্থনা জানান।

সূত্র : দ্য ইসলামিক ইনফরমেশন