লিপুকে আরো কিছুদিন দায়িত্ব পালনের প্রস্তাব দেবে বিসিবি
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:০০ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

২০২৪ সালের ফেব্রুয়ারিতে ২ বছরের চুক্তিতে বিসিবির প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব পেয়েছিলেন গাজী আশরাফ হোসেন লিপু। এরপর গেল দুই বছর ধরে দায়িত্ব সামলেছেন তিনি। তবে আর এই পদে থাকতে আগ্রহী নন লিপু। চলতি মাসের ৫ তারিখ বিসিবিকে চিঠি দিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন না করার কথা জানিয়ে দিয়েছেন তিনি।
চুক্তি অনুযায়ী, প্রধান নির্বাচক হিসেবে তার মেয়াদ শেষ হচ্ছে চলতি মাসের ২৮ তারিখ। বিসিবি চায় তাকে আরও লম্বা সময়ের জন্য। তবে পারিবারিক কারণে লিপু দীর্ঘ চুক্তিতে আগ্রহী নন। যে কারণে প্রধান নির্বাচকের পদ শূন্য হতে যাচ্ছে চলতি ফেব্রুয়ারিতেই।
পদ শূন্য হওয়ার আগেই নতুন করে প্রধান নির্বাচক হিসেবে হাবিবুল বাশার সুমনকে দায়িত্ব দেওয়ার কথা শোনা যাচ্ছিল। আজ রোববার বিসিবির বোর্ড মিটিং শেষে এ নিয়ে সিদ্ধান্ত হয়েছে। আপাতত মাস খানেক দায়িত্ব চালিয়ে যাওয়ার জন্য লিপুকে প্রস্তাব দেবে বিসিবি।
এরপর প্রধান নির্বাচকসহ সহকারী নির্বাচকের পদে নতুন কাউকে নিয়োগ দেওয়ার দায়িত্ব ভার পড়েছে বিসিবির চার পরিচালকের কাঁধে। ঢাকা পোস্টকে আজকের সভাতে উপস্থিত থাকা একাধিক পরিচালক এমনটি জানিয়েছেন। এমনকি নির্বাচকের নিয়োগ বিজ্ঞাপন আকারেও দিতে পারে বিসিবি।
আমার বার্তা/এমই
