বিশ্বকাপ থেকে বিদায়ের পর অবসরে আলজেরিয়া অধিনায়ক

প্রকাশ : ০৩ জুলাই ২০২৬, ১৪:৩০ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

বিশ্বকাপের শেষ ৩২ এর খেলায় সুইজারল্যান্ডের কাছে হেরে বিদায় নিয়েছে আলজেরিয়া। একই সঙ্গে আর জাতীয় দলের জার্সি না পরার সিদ্ধান্ত নিয়েছেন দলটির অধিনায়ক রিয়াদ মাহরেজ। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি।

ভ্যাঙ্কুভারে ব্রিল এম্বোলো ও ড্যান এন্ডোয়ের গোলে সুইজারল্যান্ডের কাছে ২-০ ব্যবধানে হেরেছে আলজেরিয়া। চলতি বিশ্বকাপে হার দিয়েই শুরু হয়েছিল তাদের যাত্রা। আর্জেন্টিনার কাছে ৩-০ ব্যবধানে পরাজয়ের পর জর্ডানকে ২-১ গোলে হারায় তারা। অস্ট্রিয়ার সঙ্গে ৩-৩ গোলের ড্রয়ে নকআউট নিশ্চিত করে আফ্রিকান দলটি। কিন্তু আর বেশি এগোতে পারল না। ম্যাচের পর মাহরেজ বলেন, ‘এটাই আমার শেষ উপস্থিতি, এমনকি জাতীয় দলের হয়ে এটাই আমার শেষ ম্যাচ।’

১১৯ ম্যাচে ৪০ গোল করে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন সৌদি প্রো লিগ ক্লাব আল আহলিতে খেলা এই রাইট উইঙ্গার। ২০১৪ বিশ্বকাপে মাত্র এক ম্যাচ খেলেই বাদ পড়েন ফ্রান্সে জন্ম নেওয়া এই ফরোয়ার্ড। স্কোয়াডে জায়গা পেতে কোচের সঙ্গে আর্থিক লেনদেনের অভিযোগে তোপের মুখে পড়েছিলেন তিনি। ওইবার প্রথম শেষ ষোলোতে উঠেছিল আলজেরিয়া।

পরবর্তী দুই আসরে দর্শক হওয়ার পর এবার ফিরেছে আলজেরিয়া। জর্ডানের বিপক্ষে দ্বিতীয় গ্রুপ ম্যাচে অ্যাসিস্ট করে দেশের হয়ে বিশ্বকাপে সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হিসেবে গোলে অবদান রাখেন ৩৫ বছর বয়সী ফরোয়ার্ড। অস্ট্রিয়ার বিপক্ষে নিজের প্রথম বিশ্বকাপ গোলও করেন তিনি এবং যোগ করা সময়ে নিজের জোড়া গোলের দেখা পান।