
ডিজে নায়রা (উম্মে আম্মারা)-এর অফিসিয়াল ফেসবুক পেজ বন্ধ করে দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। এ ঘটনায় নিজের ফেসবুক পোস্টে বিষয়টি জানিয়ে পেজটি ফিরে পাওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) নিজের ফেসবুক পোস্টে ডিজে নায়রা জানান, দীর্ঘদিনের পরিশ্রম, পরিচিতি ও ভক্তদের ভালোবাসার সঙ্গে জড়িয়ে থাকা তাঁর অফিসিয়াল পেজটি সম্প্রতি বন্ধ করে দেওয়া হয়েছে।
পোস্টে তিনি উল্লেখ করেন, ফেসবুকের পক্ষ থেকে নকল পণ্য প্রচারের অভিযোগ দেখানো হয়েছে। তবে বিষয়টি পর্যালোচনা করে প্রকৃত পরিস্থিতি বিবেচনার প্রত্যাশা জানিয়েছেন তিনি।
এ বিষয়ে ডিজে নায়রার সঙ্গে কথা বললে তিনি বলেন, “আমি ফেসবুকে কোনো অশ্লীল কনটেন্ট আপলোড করি না। আমি যে প্রোগ্রামগুলো করি, সেগুলোর কিছু ভিডিও আপলোড করি।”
ডিজে নায়রা একজন বাংলাদেশি প্রফেশনাল ডিজে ও ব্যান্ড প্রোমোটার। বিভিন্ন প্রোগ্রামে তাঁর পরিবেশনার কিছু ভিডিও তিনি নিজের ফেসবুক পেজে প্রকাশ করতেন বলে জানান। ডিজে নায়রা আরও জানান, পেজটি বন্ধ হওয়ার বিষয়টি সমাধানের চেষ্টা করছেন তিনি। সঠিক পর্যালোচনার মাধ্যমে সমস্যাটির সমাধান হবে বলে আশা করছেন।
এ সময় তাঁর ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও পরিচিতদের পাশে থাকার আহ্বান জানিয়ে সবার ভালোবাসা, সমর্থন ও দোয়া কামনা করেন তিনি।

