
দীর্ঘ ৬ বছর পর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ছাত্রীদের জন্য হল এবং রিসার্চ ইনস্টিটিউটের নির্মাণ কাজের পুনরায় উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে এই নির্মাণকাজের উদ্বোধন করেন বেরোবি উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমানসহ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
উদ্বোধন শেষে উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী বলেন, সাবেক প্রশাসনের দুর্নীতির কারণে এই ভবনগুলোর কাজ বন্ধ ছিল। আমি যখন দায়িত্ব নিই, তখন হল এবং রিসার্চ ইনস্টিটিউটের কাজ শুরু করার জন্য আবেদন করি। পরবর্তীতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় এই কাজের জন্য পুনরায় অনুমোদন দেয়। আমরা আগের ফান্ডের টাকা এবং নতুন করে ৭৭ কোটি টাকা বাজেট নিয়ে এই কাজ শুরু করতে যাচ্ছি।
উপাচার্য আরও জানান, নির্মাণাধীন এই ভবন দুটিতে এখন পর্যন্ত প্রায় ৪০ কোটি টাকা ব্যয় হয়েছে। এছাড়া ঠিকাদারদের কাছে থাকা অতিরিক্ত ১৫ কোটি টাকাসহ বরাদ্দকৃত অর্থের সঠিক ব্যবহারের মাধ্যমে বাকি নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। ফার্নিচার এবং অন্যান্য আনুষঙ্গিক কাজের জন্য সংশোধিত প্রকল্পের আওতায় ইতোমধ্যে অতিরিক্ত ৭৭ কোটি টাকা বরাদ্দ পাওয়া গেছে। বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা অনুযায়ী ২০২৭ সালের মধ্যে ভবন দুটির অন্তত পাঁচ তলা পর্যন্ত ব্যবহারের উপযোগী করা সম্ভব হবে।
উল্লেখ্য, ২০১৭ সালের ৪ জানুয়ারিতে শুরু হওয়া তিনটি প্রকল্পের কাজ উপাচার্য ড. নাজমুল আহসান কলিমউল্লাহর সময়ে নির্মাণাধীন দুটি ভবনের নকশা পরিবর্তন ও পরামর্শক প্রতিষ্ঠান পরিবর্তন করে তিনগুণ পর্যন্ত বাড়তি বরাদ্দের আবেদন করা হয়। পরে দুর্নীতির অভিযোগে ২০১৯ সালের ডিসেম্বরে নির্মাণকাজ বন্ধ করে ইউজিসিকে তদন্তের নির্দেশ দেয় শিক্ষা মন্ত্রণালয়। তদন্তে অভিযোগের সত্যতা পেয়ে শিক্ষা মন্ত্রণালয় প্রকল্পগুলোর কাজ বন্ধ করে দেওয়ায় অনিশ্চয়তায় ছিল বিশ্ববিদ্যালয়ের এই তিন মেগা প্রকল্পের কাজ।
আমার বার্তা/এমই

