
ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে গড়ে উঠা ৫টি ইট ভাটায় যৌথভাবে অভিযান পরিচালনা করেছেন পরিবেশ অধিদপ্তর ঢাকা জেলা কার্যালয়ে ও সদর দপ্তর মনিটরিং এনফোর্সমেন্ট শাখা৷ অভিযানে ০৫টি ইট ভাটাকে মোট ৩০ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২৮ই এপ্রিল) উপজেলার সূতিপাড়া এলাকায় ঢাকা জেলা পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তারের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় বায়ুদূষণরোধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।
উক্ত অভিযানে উপজেলার সূতিপাড়া এলাকায় অবৈধভাবে গড়ে উঠা মেসার্স ১.মোহাম্মদ আলী ব্রিক্স ২.মেসার্স জে এন ব্রিক্স ৩.মেসার্স আই এন সি ব্রিক্স-০১ ৪.মেসার্স আর এস ব্রিক্স ৫.মেসার্স এস এন বি ব্রিক্স নামক ০৫ (পাঁচটি) ইটভাটার প্রতিটি থেকে ৬,০০,০০০/- (ছয় লক্ষ) টাকা করে মোট ৩০,০০,০০০/-(ত্রিশ লক্ষ) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়েছে।
এছাড়াও এই মোবাইল কোর্ট অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোছাঃ জেসমিন আক্তার। আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা কার্যালয়ের পরিদর্শক জনাব এস.এম.মনজুর-উল-আলম।
উক্ত এনফোর্সমেন্ট কার্যক্রম পরিচালনায় বাংলাদেশ পুলিশের একটি বহর, এক প্লাটুন র্যাব, ফায়ার সার্ভিসের একটি চৌকস দল উপস্থিত থেকে প্রয়োজনীয় আইনগত সহযোগিতা প্রদান করেন।

