
এ সময়ের জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসার। সমসাময়িক প্রায় সব অভিনেত্রীর সঙ্গেই জুটি হয়েছেন তিনি। এবার তার সঙ্গী হলেন নাজনীন নীহা। মুহাম্মদ মোস্তফা কামাল রাজের নির্মাণে ইউটিউব ফিল্ম ‘instaগ্রাম’-এ অভিনয় করেছেন তারা।
এই প্রজেক্টে অভিনয়ের আগে বাসারের সঙ্গে কাজের আগ্রহ প্রকাশ করেছিলেন নীহা। নির্মাতাকেই জানিয়েছিলেন তার ইচ্ছের কথা। সে বিষয় সামনে আনলেন নির্মাতা রাজ।
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রাজ বলেন, “এ কাজটির জন্য ওকে (নীহা) যখন ফোন করেছিলাম, সব শুনে ও বাসারের নামটা নিজ থেকেই বলেছে। ও বলেছিল, ‘আমি বাসার ভাইয়ের সঙ্গে একটা কাজ করতে চাই’। আমিও মনে মনে প্ল্যান করে রেখেছিলাম, বাসারের সঙ্গেই কাজটা হবে। ভেবেছিলাম, গল্পটা বলে তারপর বাসারের কথা বলব। তার আগেই ও বাসারের কথাটা বলে ফেলল।”
‘instaগ্রাম’ দিয়ে প্রথমবার একসঙ্গে অভিনয় করলেন বাসার ও নীহা। প্রথমবার নীহার সঙ্গে অভিনয়ের প্রসঙ্গে বাসার বলেন, ‘নীহার সঙ্গে এটাই প্রথম কাজ। এর আগে কয়েকটি কাজ নিয়ে কথা হয়েছিল; কিন্তু শেষ পর্যন্ত তা আর হয়নি। অবশেষে একসঙ্গে আমরা কাজ করছি। এখন পর্যন্ত নীহার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা দারুণ। কাজ নিয়ে সে খুব মনোযোগী এবং সচেতন।’
নির্মাতা রাজ জানিয়েছেন, সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম এবং একটি গ্রামের গল্প দেখা যাবে এই ইউটিউব ফিল্মে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যকার সম্পর্ক, আন্তরিক সহাবস্থান এবং আরও অনেক কিছুই উঠে আসবে এতে।
instaগ্রামে আরও অভিনয় করছেন রোজী সিদ্দিকী, মাহমুদুল ইসলাম মিঠু, এজাজুল ইসলাম, ফারুক আহমেদ, অতিথি প্রমুখ। নির্মাতা জানান, নভেম্বরে সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে এই ইউটিউব ফিল্ম।

