
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের টেন্ডারবাজি ও ক্যাম্পাস অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অভিযোগ এনে এর প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবির।
সোমবার (৫ অক্টোবর) রাতে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে বিক্ষোভ মিছিল শুরু হয়। এরপর সোহরাওয়ার্দী হল, আলাওল হল এবং এ এফ রহমান হল প্রদক্ষিণ করে জিরো পয়েন্টে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি ইব্রাহিম হোসেন রনি অভিযোগ করে বলেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ে সুন্দর সংস্কৃতি চালু করার কথা থাকলেও বিএনপি ক্ষমতায় আসার পর সবগুলো বিশ্ববিদ্যালয়ে দলীয় ভিসি নিয়োগের মাধ্যমে সর্বপ্রথম প্রশাসনিকভাবে দখল করা হয়েছে। সরকার দলের ছাত্রসংগঠন ক্যাম্পাসের একের পর এক উন্নয়নমূলক কার্যক্রম বন্ধ করেছে। ছাত্রশিবির এবং চাকসু উন্নয়ন প্রকল্পের জন্য বারবার ভিসির কাছে গেলেও কেন উন্নয়ন হচ্ছে না তার প্রমাণ ছাত্রদলের সেক্রেটারি নিজেই দিয়েছে।
তিনি আরও বলেন, আমরা লক্ষ্য করে দেখলাম যে প্রকৌশল দপ্তর স্বাধীনভাবে কাজ করা কথা, সেই দপ্তরের প্রধান প্রকৌশলী ছাত্রদলের সেক্রেটারিকে ফোন করে কাজের আপডেট জানতে চান, এবং বলছেন দয়া করে কাজ শুরু করুন। এটি আশ্চর্যজনক ঘটনা। একটা ছাত্রসংগঠনের কাছে প্রকৌশল দপ্তর কীভাবে অবরুদ্ধ হয় তার প্রমাণ ছাত্রদল নিজেই দিয়েছে।

