
অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মাস ফেব্রুয়ারির প্রথম প্রহরে ভাষা শহীদদের স্মরণে বর্ণাঢ্য পদযাত্রায় মেতে উঠল ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের উদ্যোগে আয়োজিত হয়েছে এই ‘ভাষা পদযাত্রা’।
রোববার (১ ফেব্রুয়ারি) সকালে অপরাজেয় বাংলার পাদদেশ থেকে শুরু হওয়া এই পদযাত্রা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই পদযাত্রার উদ্বোধন করেন। পদযাত্রা শেষে শিক্ষক ও শিক্ষার্থীরা কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান ভাষা শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন।
আয়োজনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন– কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, ভাষাবিজ্ঞান বিভাগের চেয়ারপার্সন ড. মনিরা বেগম এবং পদযাত্রা উপ-কমিটির আহ্বায়ক অধ্যাপক গুলশান আরাসহ বিভাগীয় শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
উল্লেখ্য, মহান ভাষা আন্দোলনে শহীদ ও ভাষা সৈনিকদের প্রতি শ্রদ্ধা নিবেদনের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগ প্রতিবছর এই বিশেষ পদযাত্রার আয়োজন করে আসছে।

