
আজ ২ মার্চ শুধু একটি তারিখ নয়, বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে এটি এক প্রতীকী উচ্চারণের দিন। ১৯৭১ সালের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন প্রাঙ্গণে সংগ্রামী ছাত্র সমাজের উদ্যোগে মানচিত্রখচিত স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়। কারফিউ উপেক্ষা করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সেদিন জড়ো হন বিশ্ববিদ্যালয় এলাকায়।
সকালে কলাভবনের সামনে ছাত্র-জনতার বিশাল সমাবেশে তৎকালীন ডাকসু ভিপি আ স ম আব্দুর রব এবং ডাকসু নেতারা স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলন করেন। পাকিস্তানি শাসকগোষ্ঠীর রক্তচক্ষুকে অগ্রাহ্য করে সেই পতাকা উত্তোলন ছিল বাঙালির আত্মনিয়ন্ত্রণের প্রত্যয়ের প্রকাশ। কার্যত এই দিনেই ছাত্রসমাজ ও সাধারণ মানুষ স্পষ্ট বার্তা দেয়, স্বাধীনতার প্রশ্নে আপস নয়।
ঐতিহাসিক এই দিনের স্মরণে আজ (২ মার্চ) বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে কর্মসূচি আয়োজন করা হয়েছে। সকালে কলাভবন সংলগ্ন ঐতিহাসিক বটতলা প্রাঙ্গণে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করবেন উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী।
স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলনকারী আ স ম আব্দুর রবের উপস্থিত থাকার কথাও রয়েছে অনুষ্ঠানে।
আমার বার্তা /জেএইচ

