
ঢাকা মহানগর ডিবি ও ডিএমপিতে দায়িত্ব পালনকারী কয়েকজন কর্মকর্তার সম্পদের হিসাব ও অনিয়ম তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশনে (দুদক) আবেদন করা হয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ) দুদকের মহাপরিচালক বরাবর সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট এস এম জুলফিকার আলী জুনু এ আবেদন করেন।
আবেদনে বলা হয়েছে, আওয়ামী লীগ সরকারের আমলে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ও ডিএমপির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনকারী কিছু কর্মকর্তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নানা ধরনের অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের গুরুতর অভিযোগ প্রচলিত রয়েছে।
অভিযোগ রয়েছে, কিছু অসাধু কর্মকর্তা ‘গ্রেপ্তার বাণিজ্য’ এর সঙ্গে জড়িত ছিলেন। নিরীহ ব্যক্তিদের আটক করে অর্থ আদায়ের অভিযোগ রয়েছে। দায়িত্ব পালনের নামে ক্ষমতার অপব্যবহার করে অবৈধ সম্পদ অর্জন করেছেন। দীর্ঘদিন ধরে অনৈতিক উপায়ে বিপুল সম্পদের মালিক হয়েছেন, যা তাদের বৈধ আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ।
উল্লিখিত বিষয়গুলো দেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করছে এবং সাধারণ জনগণের মধ্যে আস্থার সংকট সৃষ্টি করছে।
এমতাবস্থায়- উল্লিখিত কর্মকর্তাদের সম্পদের হিসাব বিস্তারিতভাবে যাচাই করা হোক, অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করা হোক, প্রমাণিত অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক, ভবিষ্যতে এ ধরনের অনিয়ম প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়েছে।
আমার বার্তা/এমই

