ই-পেপার শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২

বিদেশ থেকে সেই যুবদল নেতাকে হত্যার নির্দেশ, খুন করে ভাড়াটে সন্ত্রাসীরা

আমার বার্তা অনলাইন
১৯ নভেম্বর ২০২৫, ১০:৫৩

ঢাকার মিরপুরের পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়াকে গুলি করে হত্যার পেছনে এলাকায় দীর্ঘদিনের প্রভাব বিস্তারকারী এক শীর্ষসন্ত্রাসীর সম্পৃক্ততার ইঙ্গিত মিলেছে। তদন্তে যুক্ত পুলিশ কর্মকর্তারা জানান, পলাতক আসামি মফিজুর রহমান ওরফে মামুন বিদেশে বসে আধিপত্য ও লেনদেনের বিরোধ থেকে ভাড়াটে সন্ত্রাসীদের দিয়ে কিবরিয়াকে হত্যা করান।

এলাকার বেশ কয়েকজন বাসিন্দা বলেন, সাম্প্রতিক মাসগুলোতে মামুনের পক্ষে চাঁদাবাজির ঘটনা বেড়েছে। স্থানীয় বিএনপি নেতাদের দাবি, মামুন এলাকায় নিজের জন্য প্রভাব তৈরি করতে কিবরিয়াকে ব্যবহার করতে চেয়েছিলেন, কিন্তু কিবরিয়া রাজি না হওয়ায় তাঁর প্রতি ক্ষোভ বাড়ে।

৪৭ বছর বয়সী কিবরিয়া পল্লবী থানা যুবদলের সদস্যসচিব ছিলেন। তিনি চিকিৎসা সরঞ্জাম কিনে বিভিন্ন প্রতিষ্ঠানে সরবরাহ করতেন। সোমবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে মুখোশধারী তিন সন্ত্রাসী মিরপুর ১২ নম্বরের বি ব্লকে 'বিক্রমপুর হার্ডওয়্যার অ্যান্ড স্যানিটারি' দোকানে ঢুকে খুব কাছ থেকে গুলি করে তাঁকে হত্যা করে।

গুলির পর দুর্বৃত্তরা পালাতে গিয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশায় ওঠে। চালক দ্রুত গাড়ি না চালানোয় তাঁরা চালক আরিফ হোসেনের কোমরে গুলি করে। স্থানীয় লোকজন তখনই জনি ভূঁইয়া নামের একজনকে আটক করে পুলিশে দেয়। পুলিশ জানায়, জনি ও আরও কয়েকজন ভাড়ায় খুন করতে চুক্তিবদ্ধ হয়েছিল। বাকি দুজন শনাক্ত হয়েছে।

হত্যার ঘটনায় কিবরিয়ার স্ত্রী সাবিহা আক্তার ওরফে দীনা পল্লবী থানায় মামলা করেন। জনিসহ পাঁচজনের নাম মামলায় উল্লেখ করা হয়েছে—সোহেল ওরফে পাতা সোহেল ওরফে মনির হোসেন (৩০), সোহাগ ওরফে কালু (২৭), মাসুম ওরফে ভাগিনা মাসুম (২৮) ও রোকন (৩০)। আরও সাত-আটজন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকেও জড়িত বলা হয়েছে।

মিরপুর বিভাগের উপকমিশনার মোহাম্মদ মাকছুদের রহমান বলেন, আটক জনি ভূঁইয়া হত্যাকাণ্ডে অংশ নেওয়ার কথা স্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, কিবরিয়াকে হত্যা করতে তাঁদের ভাড়া করা হয়েছিল। নেপথ্যের ব্যক্তিদেরও শনাক্ত করা হয়েছে।

তদন্তসংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা জানান, মামুন মালয়েশিয়া আর তাঁর ভাই মশি ভারতে পালিয়ে আছেন। সম্প্রতি মামুন এলাকা ও মাদক ব্যবসার নিয়ন্ত্রণ তার লোকদের হাতে দিতে নির্দেশ দেন। কিন্তু কিবরিয়া এতে রাজি ছিলেন না। পাশাপাশি মামুনের পাওনা টাকা পরিশোধে টালবাহানা নিয়েও বিরোধ তৈরি হয়।

বিএনপির এক স্থানীয় নেতা বলেন, কিবরিয়া অতীতে মামুনের সঙ্গে চলাফেরা করলেও প্রায় দুই দশক আগে দূরত্ব তৈরি হয়। এরপর থেকে মামুনের সঙ্গে যোগাযোগ রাখতেন না কিবরিয়া।

স্থানীয় বাসিন্দারা জানান, বিদেশে বসে মামুন এলাকায় একটি পোশাক কারখানায় চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতেন। কিবরিয়া কিছুদিন আগে সেখানে চাঁদা নিতে গেলে মামুনের লোকজন বাধা দেয়। ওই সময় মামুন ফোন করে তাঁকে সেখানে যেতে নিষেধ করেন।

এ ছাড়া মামুন যুবদলের কমিটিতে তাঁর ঘনিষ্ঠদের রাখার নির্দেশ দিয়েছিলেন। কিবরিয়া তা না মানায় তাঁর প্রতি ক্ষোভ আরও তীব্র হয়।

পল্লবী থানার নথি বলছে, চাঁদাবাজি, খুন, মাদক, ডাকাতি ও অবৈধ আগ্নেয়াস্ত্র-সংক্রান্ত অভিযোগে মামুনের বিরুদ্ধে ২৭টি মামলা রয়েছে। তাঁর বিরুদ্ধে ১৫টি গ্রেপ্তারি পরোয়ানা এবং ২টি সাজা পরোয়ানার তথ্যও আছে। ২০২১ সালে তাঁকে গ্রেপ্তার করা হলেও জামিনে বের হয়ে তিনি মালয়েশিয়ায় পালান।

হত্যার পর আজ পল্লবীর বিভিন্ন জায়গায় মামুনের পোস্টার দেখা গেছে, যেখানে তাঁকে ৯১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বলা হয়েছে। বিএনপির এক নেতা জানান, এগুলো সরানোর নির্দেশ দেওয়া হয়েছে।

কিবরিয়া হত্যায় যুবদল নেতাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্যসচিব সাজ্জাদুল মিরাজ বলেন, 'আওয়ামী লীগ সরকারের সময় গা ঢাকা দিয়ে থাকতাম, কোনো ঝুঁকি ছিল না। গত বছরের জুলাই অভ্যুত্থানের পর আমাকে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে হচ্ছে। এতে দলীয় লোকদের মধ্যে সন্ত্রাসী, বদমাশ ও সুবিধাবাদী লোক ঢুকে গেছে। এ অবস্থায় আমরা নিরাপত্তাহীন হয়ে পড়েছি। সে কারণেই কিবরিয়ার মতো ত্যাগী নেতাকে হারিয়েছি।'

তিনি আরও বলেন, বিএনপি–জামায়াত জোট সরকার আমলে ২০০১ থেকে ২০০৪ সালে পল্লবীতে বিএনপি ও ছাত্রদলের চার নেতা খুন হয়েছিলেন। ২০০৫ সালে পুলিশের 'ক্রসফায়ারে' ছাত্রদলের আরেক নেতা নিহত হন। এখন আবার যুবদল নেতা হত্যাকাণ্ডের শিকার হলেন। তাঁর মতে, আইনশৃঙ্খলা বাহিনী যথেষ্ট তৎপর থাকলে কিবরিয়া এভাবে খুন হতেন না।

আমার বার্তা/জেএইচ

হাদির ওপর গুলিবর্ষণকারী যেখানেই লুকিয়ে থাকুক, খুঁজে বের করা হবে

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী গুলিবিদ্ধ হয়েছেন। এ

৭২ ঘণ্টা অতি সংকটাপন্ন, হাদির ব্রেন স্টেম ক্ষতিগ্রস্ত: বিশেষ সহকারী

মাথায় গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের

হাদির মাথার ভেতরে গুলি, ওটিতে চলছে সার্জারি

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন। সর্বশেষ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী গুলিবিদ্ধ

 ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাদির ওপর গুলিবর্ষণকারী যেখানেই লুকিয়ে থাকুক, খুঁজে বের করা হবে

তারেক রহমান দেশে ফিরছেন ২৫ ডিসেম্বর: মির্জা ফখরুল

৭২ ঘণ্টা অতি সংকটাপন্ন, হাদির ব্রেন স্টেম ক্ষতিগ্রস্ত: বিশেষ সহকারী

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধে গড়াতে পারে

হাদি গুলিবিদ্ধ: সরকার দৃঢ় ব্যবস্থা নেবে, আশা মির্জা ফখরুলের

গুলিবিদ্ধ হাদি, জড়িতদের গ্রেপ্তার দাবিতে শনিবার বিএনপির বিক্ষোভ

হাদির মাথার ভেতরে গুলি, ওটিতে চলছে সার্জারি

সীমান্ত সংঘাতের মধ্যেই থাইল্যান্ডে সংসদ ভেঙে নির্বাচনের ঘোষণা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী গুলিবিদ্ধ

চাহিদার তুলনায় ২২ লাখ টন বেশি আলু উৎপাদন হয়েছে: কৃষি উপদেষ্টা

গণভোটে যে চারটি প্রশ্ন থাকবে, ‘হ্যাঁ’ ভোট বেশি হলে কী হবে

গাজীপুরে তিতাস গ্যাসের ৩ শতাধিক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন

মেডিকেল ভর্তি পরীক্ষা : ‘প্রশ্ন সহজ ছিল’ বলছে বেশিরভাগ পরীক্ষার্থী

নির্বাচন বানচালের ক্ষমতা কারও নেই: প্রেস সচিব শফিকুল

ঝড়ের তাণ্ডবের মাঝেও গাজায় থামেনি ইসরায়েলি বর্বরতা

নির্বাচনি ট্রেন গন্তব্যে পৌঁছাতে আন্তরিকভাবে কাজ করতে হবে

ইউটিউব শর্টস থেকে আয় বাড়াবেন যেভাবে

ন্যায়বিচার নিশ্চিতে মাঠে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ

মৃত্যু থেকে পালানোর পথ নেই

নির্বাচন সুষ্ঠু-সফল করতে যৌক্তিক সব সহযোগিতায় আমরা প্রস্তুত